'যুক্তরাজ্যের জন্য হুমকি রাশিয়া'
যুক্তরাজ্যের জন্য রাশিয়া একটি বিপজ্জনক দেশে পরিণত হয়েছে বলে সতর্ক করে দিয়েছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের সাবেক প্রধান জন সাওয়ার্স। তিনি বলেছেন, যুক্তরাজ্যকে অবশ্যই রাশিয়ার কাছ থেকে নিজের ও মিত্র দেশগুলোর সুরক্ষার জন্য তৈরি হতে হবে। খবর বিবিসির।
জন সাওয়ার্স বলেন, রাশিয়া একের পর এক দেশের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। এ ধরনের হুমকি মোকাবিলার জন্য প্রতিরক্ষা ব্যয় বাড়ানো প্রয়োজন। রাশিয়ার সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আলোচনাও জোরদার করতে হবে।
স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরও রাশিয়া ও ইউরোপের চলার পথ ‘যেভাবে এক হতে ব্যর্থ হয়েছে’, তা নিয়ে হতাশা প্রকাশ করেন সাওয়ার্স। তিনি বলেন, দেশটি যুক্তরাজ্যের জন্য প্রত্যক্ষ হুমকি না হলেও আশপাশের পরিমণ্ডলের জন্য বিপজ্জনক। রাশিয়া মনে করিয়ে দিচ্ছে যে তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে। আর এই একটি ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের সমকক্ষ।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই শুরু হওয়ার এক বছর পর পূর্ণ হলো। এ প্রেক্ষাপটে এসব মন্তব্য করলেন ব্রিটিশ সাবেক গোয়েন্দাপ্রধান সাওয়ার্স।
সাওয়ার্স বলেন, তাঁরা ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পুনরাবৃত্তি চান না। তাই আলোচনা জোরদারের মাধ্যমে রাশিয়ার সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো দূর করতে চান। তিনি বলেন, রাশিয়া গণতন্ত্রের পথে আছে—এমনটা ভাবার কারণ নেই। আধুনিক বিশ্ব এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে পড়েছে। স্নায়ুযুদ্ধের সময় যে স্থিতিশীলতা ছিল, এখন তাও নেই। এর মধ্যে সত্যিকারের বিপদ জড়িয়ে আছে। নিরাপত্তার ব্যাপারে রাশিয়া সবসময়ই একটি ‘উদ্বেগের কারণ’ হয়ে আছে। দেশটির সঙ্গে সহাবস্থানের পথ খুঁজে বের করতে হবে। এ মুহূর্তে সংকট ইউক্রেনকে ঘিরে হলেও এটি একটি আভাস মাত্র, আসল সমস্যা নয়।
জিহাদিদের উত্থান নিয়েও মন্তব্য করেছেন সাওয়ার্স। তিনি বলেন, মুসলিমরা যুক্তরাজ্যের সমাজে খুব ভালোভাবে মিশে যেতে পারেনি। বেশ কিছু সামাজিক ও অর্থনৈতিক কারণ এর সঙ্গে যুক্ত। তাই তারা কট্টরপন্থার দিকে ঝুঁকছে।