'যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে ভারতের কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তার ও হেনস্তার ঘটনায় যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেননকে ফোন করে দুঃখ প্রকাশের পাশাপাশি গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন।
কেরি মেননকে বলেন, ‘দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক এ ঘটনায় খারাপ হোক তা আমরা হতে দেব না।’
এছাড়া মার্কিন রাজনীতিবিষয়ক মন্ত্রণলায়ের আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান ফোন করেন ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিংকে।
দুজনের ফোনেও ভারতের ক্ষোভ প্রশমিত হয়নি। সংসদীয় মন্ত্রী কমলনাথ বলেন, শুধু দুঃখ প্রকাশ করলে চলবে না। দেবযানীর প্রতি যে আচরণ করা হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে। পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, দেবযানী চক্রান্তের শিকার। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী সালমান বলেন, কেরির সঙ্গে তাঁরও কথা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এই একটা ঘটনায় খারাপ হোক, তা হবে অনভিপ্রেত। এ সম্পর্ক গুরুত্বপূর্ণ ও অনেক যত্নে স্থাপিত। দেবযানীর মামলার যাবতীয় তথ্য তিনি চেয়ে পাঠিয়েছেন।
দেবযানীর বাবা উত্তম খোবরাগাড়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহার না করলে আমি আমরণ অনশন শুরু করব। পরিচারিকাকে উপযুক্ত বেতন না দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে দেবযানীর সর্বোচ্চ ১৫ বছর সাজা হতে পারে।
কেরি ও শেরম্যানের কথায় আপসের সুর শোনা গেলেও ভারতের ক্ষোভ বাড়িয়ে তুলেছে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ভারতীয় বংশোদ্ভূত প্রীত ভারারা। তিনি বুধবার এক বিবৃতিতে বলেন, দেবযানীর সঙ্গে যা করা হয়েছে, তা আইন অনুযায়ীই করা হয়েছে। তাঁর দেহ তল্লাশিও আইন মেনেই করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন গতকাল বলেন, এটা ভারতের বিচারব্যবস্থার ওপর আক্রমণ। প্রীত ভারারার বিবৃতি মনোযোগের সঙ্গে দেখা হোক। দেবযানীর বাবাও প্রীতর বিবৃতির উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে, চক্রান্ত করেই তাঁর মেয়েকে ফাঁসানো হয়েছে। তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন। মামলা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে তিনি অনশনে বসবেন।
দেবযানীকে ইতিমধ্যে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে বদলি করা হয়েছে। এর ফলে তাঁর কূটনৈতিক রক্ষাকবচ বেড়ে যাবে। তবে তা হওয়া সময়সাপেক্ষ। সে জন্য দেবযানীর পাসপোর্ট বদল করতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে তাঁকে বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে। কত দ্রুত এবং কীভাবে এই জট খুলবে, আপাতত সেটাই দেখার।