‘যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর কারও নির্ভরশীল থাকা উচিত নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, জাতীয় প্রবৃদ্ধি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানির ওপর কোনো দেশেরই নির্ভরশীল থাকা উচিত নয়। গত শনিবার জাপানের ইয়োকোহামায় অ্যাপেক শীর্ষ সম্মেলন চলার সময় এক পার্শ্ববৈঠকে তিনি এ কথা বলেন।ইয়োকোহামার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ওবামা বলেন, সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা মার্কিন ভোক্তাদের ওপর নির্ভরশীলতার সীমাবদ্ধতা ও এশিয়ার রপ্তানিকারকদের প্রবৃদ্ধির সীমা প্রকাশ করেছে। তাই আগামী দিনে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে শুধু যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল থাকা উচিত নয় কোনো দেশের। চীন ও জাপানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যেসব দেশের উদ্বৃত্ত উৎপাদন রয়েছে, তাদের উচিত অভ্যন্তরীণ বাজারের পরিধি বাড়ানো।এ ব্যাপারে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বলেন, তাঁরা অভ্যন্তরীণ বাজারে পণ্য বিক্রি বাড়ানোর ব্যাপারে কাজ করছেন। তবে আন্তর্জাতিক বাজারে মুদ্রার বিনিময় হার ঠিকঠাক করার বিষয়টি ক্রমান্বয়ে বাস্তবায়িত হবে।অ্যাপেক সম্মেলন শেষে জাপানের কামাকুরায় ‘গ্রেট বুদ্ধ’ মূর্তি পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট। মূর্তিটি দেখতে গিয়ে ওবামা জানান, অনেক আগে মাত্র ছয় বছর বয়সে সেখানে গিয়েছিলেন তিনি। ১০ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে জাপান সফর করেন ওবামা। বিবিসি, এএফপি।