'যুক্তরাষ্ট্রের ভিসাপদ্ধতি কঠোর হলে পরিণতি ভালো হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের ভিসার নিয়ম আরও কঠোর করলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছে ভারত। ওই প্রতিষ্ঠানগুলোকেই এই পরিণতি ভোগ করতে হবে। মার্কিন অভিবাসন আইন সংস্কারের অংশ হিসেবে ভিসার নিয়ম কঠোর করার চিন্তাভাবনা করছে ওয়াশিংটন।
ওয়াশিংটনে ভারতের কূটনীতিক সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেন, ‘যুক্তরাষ্ট্র বিদেশি দক্ষ কর্মীদের সাময়িক ভিসার নিয়মকানুন আরও কঠোর করতে যাচ্ছে। নয়াদিল্লি এই চিন্তাভাবনাকে মার্কিন অর্থনীতির জন্য বাণিজ্য সংকুচিত হয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবে মনে করছে।’
বার্তা সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে জয়শঙ্কর আরও বলেন, ‘আমরা মনে করি, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ওয়াশিংটনকে মাথায় রাখতে হবে, এটি মার্কিন অর্থনীতির জন্যও ক্ষতিকর হবে। সর্বোপরি দুই দেশের সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়বে।’
মার্কিন অভিবাসন আইন সংস্কারের যে প্রক্রিয়া চলছে, তাতে সম্প্রতি প্রাথমিকভাবে সমর্থন দিয়েছে বিরোধী দল রিপাবলিকান পার্টি। অভিবাসন আইন সংস্কারের মূল লক্ষ্য হলো দেশটিতে অবৈধভাবে থাকা এক কোটি ১০ লাখ অভিবাসীকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বৈধ করে নেওয়া।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর দল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে অভিবাসন আইন সংস্কারের একটি অংশ গত বছর অনুমোদন করে মার্কিন সিনেট। তাতে বলা হয়েছিল, এইচ-১বি ক্যাটাগরিতে দক্ষ বিদেশি কর্মীরা ভিসা পেতেন। সিনেটে পাস হওয়া সংস্কারে এই ক্যাটাগরির ভিসা বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ উঠেছিল, যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মার্কিন প্রতিষ্ঠানগুলোর চেয়ে কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ দিত। এরপর এইচ-১বি ক্যাটাগরির ভিসার ফি বাড়ানোর পাশাপাশি নিয়ম কঠোর করে ওই ক্যাটাগরির ভিসাও বাড়ানোর বিষয়টি বিবেচনা করে যুক্তরাষ্ট্র।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জয়শঙ্কর ২৫ জনেরও বেশি কংগ্রেস সদস্যের সামনে তাঁর উদ্বেগের কথা উত্থাপন করেন। এতে প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার ও সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিডের মতো নেতারা উপস্থিত ছিলেন। এএফপি।