'যেন আমার মেয়েটাকে ওদের মধ্যে দেখছিলাম'

ম্যানচেস্টার শহরে ট্যাক্সি চালান পাকিস্তানি বংশোদ্ভূত সাফ ইসমাইল। সন্ত্রাসী হামলার রাতে তিনি ঘটনাস্থল থেকে তিন দফায় ২৪ জনকে নিজের গাড়িতে করে নিরাপদ জায়গায় পৌঁছে দেন।
সেই অভিজ্ঞতার বর্ণনায় তিনি সিবিএস নিউজকে বলেন, ‘এত মানুষ একসঙ্গে বেরিয়ে আসছিল...যেন আমার মেয়েটাকে ওদের মধ্যে দেখতে পাচ্ছিলাম। কেউ কেউ ভয়ে চিৎকার করছিল।’
ম্যানচেস্টারেই বড় হয়েছেন ইসমাইল। বললেন, ‘তাঁর ১৫ বছর বয়সী মেয়েটাও সেই রাতে আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে যাওয়ার কথা ভেবেছিল। তবে পরীক্ষার প্রস্তুতির জন্য সে ওই পরিকল্পনা বাদ দেয়।’
হামলার জেরে ম্যানচেস্টারে মানুষের আনাগোনা কমে যাবে কি না, সেই প্রশ্নের জবাবে ইসমাইল বলেন, অনেক ব্যবধান সত্ত্বেও সম্মিলিতভাবে তাঁরা অনেক শক্তিশালী। হামলার পর নগরের অনেকেই আহত ব্যক্তিদের সাহায্য করতে ছুটে যান।
স্থানীয় আরও অনেক ট্যাক্সিচালক ম্যানচেস্টার অ্যারিনা থেকে লোকজনকে ঘর পর্যন্ত বিনা মূল্যে পৌঁছে দিয়েছেন। কেউ কেউ নিজেদের ঘরে ওই কনসার্টের দর্শকদের থাকতে দিয়েছেন। হতাহত ব্যক্তিদের জন্য প্রার্থনায় অংশ নিয়েছে গোটা যুক্তরাজ্যের মানুষ। আহত লোকজনের সহায়তায় মুসলিমরা ইতিমধ্যে হাজার হাজার ব্রিটিশ পাউন্ডের তহবিল সংগ্রহ করেছেন।
হামলার পরপরই দুর্দশাগ্রস্ত লোকজনের সহায়তায় সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে ব্যাপক প্রচার কার্যক্রম শুরু হয়। ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম এ উদ্যোগের বিশেষ প্রশংসা করেন।
সোমবারের ওই হামলায় এ পর্যন্ত ২২ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। আত্মঘাতী হামলাকারীর পরিচয়ও মিলেছে। ২২ বছর বয়সী ওই লিবীয় বংশোদ্ভূত তরুণের নাম সালমান আবেদি।