'যৌন শিকারি' চিকিৎসকের ১২ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের গোপন ভিডিওচিত্র ধারণের অভিযোগে যুক্তরাজ্যপ্রবাসী ভারতীয় চিকিৎসককে ১২ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার লন্ডনের সুইনডন ক্রাউন আদালতের বিচারক তাঁকে এই দণ্ডাদেশ দেন।
দাবিন্দারজিত্ বাইন নামের এই চিকিৎসক আদালতে তাঁর বিরুদ্ধে আনা ৩৯টি অভিযোগ স্বীকার করেছেন। এর মধ্যে ‘যৌন শিকারি’ বলে তাঁর কুখ্যাতি ছড়িয়েছে।
যৌন নিপীড়নের অভিযোগে কয়েক মাস ধরে বন্দী ছিলেন ৪৫ বছর বয়সী দাবিন্দরজিৎবাইন। ২০১০ সালের জুলাই থেকে ২০১২ সালের মে মাস পর্যন্ত কমপক্ষে ৩০ জন নারীকে যৌনহয়রানি করেছেন তিনি। শুধু যৌনহয়রানিই নয়, হাতঘড়িতে লুকিয়ে রাখা গোপন ক্যামেরার মাধ্যমে এসব দৃশ্য ধারণও করেন তিনি।
গত বছরের জুনে ১৯ বছর বয়সী এক তরুণী পুলিশের কাছে দাবিন্দারজিতের বিরুদ্ধে যৌনহয়রানির অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে বাইনকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তাঁর হাতঘড়ির ক্যামেরায় ৩৬১টি ভিডিও ক্লিপ পাওয়া যায়।
রায় ঘোষণার পর বিচারক ডগলাস ফিল্ড বলেন, ‘চিকিৎসা পেশায় আপনি একজন কলঙ্ক। রোগীরা চিকিৎসকদের ওপর যে বিশ্বাস রাখেন, আপনি খুব দুঃখজনকভাবে সেই বিশ্বাস ভঙ্গ করেছেন।’
১৯৯৩ সালে ভারতের ম্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি নেন দাবিন্দরজিৎ বাইন।— ‘টাইমস অব ইন্ডিয়া’