'রংধনু দেশের' জনক
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য জীবনের বড় একটি সময় কারাগারে কাটানো ম্যান্ডেলা একসময়ে দেশের প্রেসিডেন্ট হন। তাঁকে বলা হয়, বর্ণবাদমুক্ত ‘রংধনু দেশ’ দক্ষিণ আফ্রিকার জনক। দক্ষিণ আফ্রিকা সাদা-কালোসহ সব জাতির দেশ হবে—এ ঘোষণা করে ‘রংধনু দেশ’ নামটিও দেন ম্যান্ডেলা।
কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের সংগ্রাম (যা কখনো কখনো ছিল সহিংস) করায় অন্তর্ঘাত, রাষ্ট্রদ্রোহসহ নানা অভিযোগে ম্যান্ডেলাকে দীর্ঘ ২৭ বছর কারাগারে কাটাতে হয়। অবশেষে একদিন বর্ণবাদের আঁধার কেটে সাম্যের সূর্য ওঠে দক্ষিণ আফ্রিকায়। ম্যান্ডেলার মাথায় ওঠে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের মুকুট। বর্ণবাদ অবসানে বিশেষ অবদানের জন্য তিনি লাভ করেছেন নোবেল শান্তি পুরস্কার।
ম্যান্ডেলা গত ১৭ জুলাই ৯৫ বছরে পা দেন। বয়সের কারণে শরীরে বাসা বেঁধেছিল নানা অসুখ। এর মধ্যে ফুসফুসের সংক্রমণ বেশ ভোগায় তাঁকে। শারীরিক অবস্থা আবার হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় গত ৮ জুন হাসপাতালে ভর্তি করা হয় মাদিবাকে। সেখানে তাঁর অবস্থার ওঠানামা চলে দীর্ঘ সময় ধরে। গভীর উৎকণ্ঠা নিয়ে বিশ্বজুড়ে অগণিত মানুষ ম্যান্ডেলার আরোগ্যের জন্য প্রার্থনা করেন। ১ সেপ্টেম্বর তাঁকে জোহানেসবার্গের হাউটন শহরতলিতে নিজ বাড়িতে নেওয়া হয়। তখন থেকে সেখানেই বিশেষ ব্যবস্থায় নিবিড় চিকিৎসাধীন ছিলেন। অবশেষে ঘনিয়ে এল শেষের সেই ক্ষণ।
দক্ষিণ আফ্রিকার ‘শ্রেষ্ঠতম সন্তান’ ম্যান্ডেলাকে বেশ কয়েক বছর ধরে জনসমক্ষে তেমন একটা দেখা যায়নি। সক্রিয় রাজনীতি থেকে ১৯৯৯ সালে অবসর নেন। ২০০৪ সালের জুনে জনসমক্ষে সামাজিক ও অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর পরও দেশবাসীর প্রাণের মানুষ ছিলেন তিনি। দেশে-বিদেশে সমঝোতা আর ঐক্যের প্রতীক। শুধু নিজ দেশ নন, ম্যান্ডেলা ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন।
১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে কারাগার থেকে মুক্তি পান ম্যান্ডেলা। বিশ্বজুড়ে টিভিতে তাঁর কারামুক্তির দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়।
ম্যান্ডেলা ১৯৯৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে জয়ের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আজ আমরা এমন এক সমঝোতায় উপনীত হয়েছি, যেখানে কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ নির্বিশেষে দক্ষিণ আফ্রিকার সব নাগরিক মিলে একটি সমাজ গড়ে তুলব। ওই সমাজের বাসিন্দাদের মধ্যে বর্ণবৈষম্য থাকবে না। কারও হূদয়ে কোনো ভয় থাকবে না। সব নাগরিকের মর্যাদা সমুন্নত থাকবে। একটা রঙধনু জাতি, নিজেদের ও বিশ্বের সঙ্গে সুখে-শান্তিতে বসবাস করবে।’
বর্ণবাদের অবসান ঘটিয়ে দেশে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠার কৃতিত্বের জন্য নোবেল কমিটি ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার তৎকালীন বিদায়ী প্রেসিডেন্ট ফ্রেডেরিক ডি ক্লার্ক ও ম্যান্ডেলাকে যৌথভাবে শান্তি পুরস্কারে ভূষিত করে।
শ্বেতাঙ্গশাসিত দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের অধিকার বলতে কিছু ছিল না। এই বৈষম্য ম্যান্ডেলাকে ছাত্রজীবনেই বর্ণবাদবিরোধী আন্দোলনের পথে ঠেলে দেয়। আইন পড়া শেষ করে ১৯৫২ সালে রাজধানী জোহানেসবার্গে বন্ধু অলিভার ট্যাম্বোকে সঙ্গে নিয়ে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ আইনি পরামর্শ প্রতিষ্ঠান খোলেন। ম্যান্ডেলা ১৯৬১ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) গোপন সশস্ত্র শাখার ‘কমান্ডার-ইন-চিফ’ নির্বাচিত হন। কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলন করতে গঠিত হয়েছিল এএনসি দল। ১৯৬২ সালে আলজেরিয়া ও ইথিওপিয়ায় সামরিক প্রশিক্ষণ নেন তিনি।
সংখ্যালঘু শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার ১৯৬৪ সালে ম্যান্ডেলাকে গ্রেপ্তার করে। পরে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। শুনানি চলাকালে ম্যান্ডেলা যে জ্বালাময়ী বর্ণবাদবিরোধী বক্তব্য দেন, তা পরে বর্ণবাদবিরোধী আন্দোলনের ইশতেহারে পরিণত হয়। ম্যান্ডেলা এর এক অংশে বলেন, ‘নিজেকে আফ্রিকার মানুষের মুক্তির লড়াইয়ে উৎসর্গ করেছি। লড়েছি শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ আধিপত্যবাদের বিরুদ্ধে। গণতান্ত্রিক ও মুক্ত সমাজের আদর্শকে সযত্নে লালন করেছি। এ এমন এক আদর্শিক লড়াই, যে জন্য আমি মরতে প্রস্তুত আছি।’
ম্যান্ডেলাকে রোবেন দ্বীপের সুরক্ষিত কারাগারে ১৮ বছর বন্দী রাখা হয়। ১৯৮২ সালে তাঁকে কেপটাউনে আরেকটি কারাগারে স্থানান্তর করা হয়। সেখান থেকে পাঠানো হয় পার্ল শহরের কারাগারে। তত দিনে বর্ণবাদী নীতির জন্য দক্ষিণ আফ্রিকার ওপর আন্তর্জাতিক অবরোধ কঠোর হতে থাকে। এর একপর্যায়ে ১৯৮৯ সালে, কট্টরপন্থী প্রেসিডেন্ট পি ডব্লিউ বোথার স্থলাভিষিক্ত হন সমঝোতাপন্থী ডি ক্লার্ক। এক বছর পরই ম্যান্ডেলার মুক্তির নির্দেশ দেন তিনি।
১৯৯৪ সালে নির্বাচিত হয়ে মাত্র এক দফা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ম্যান্ডেলা। ১৯৯৯ সালেই অবসর গ্রহণ করেন। তবে দেশে ও দেশের বাইরে বিভিন্ন বিরোধ ও সহিংসতা বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন অব্যাহত রাখেন। বিশেষ করে, বুরুন্ডিতে যুদ্ধ চলাকালে বলিষ্ঠ মধ্যস্থতাকারীর ভূমিকা রাখেন।
স্ত্রী উইনি মাদিকিজেলা-ম্যান্ডেলার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর ১৯৯৮ সালে ম্যান্ডেলা তাঁর ৮০তম জন্মদিনে গ্রাসা ম্যাশেলকে বিয়ে করেন। গ্রাসা ছিলেন মোজাম্বিকের সাবেক প্রেসিডেন্টের সাবেক স্ত্রী।
৮৩ বছর বয়সে প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে ম্যান্ডেলার। এর সফল চিকিৎসা দেওয়া হয়। ম্যান্ডেলা ২০০৪ সালে ঘোষণা দেন, পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে একান্ত জীবন যাপন করবেন। এড়িয়ে চলবেন জনসমাবেশ। এর আট মাস পর তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ম্যান্ডেলা জানান, এইডসে আক্রান্ত হয়ে তাঁর ছেলের মৃত্যু হয়েছে। সচেতনতা বাড়াতে এইডস সম্পর্কে সবাইকে খোলামেলা কথা বলার আহ্বান জানান তিনি।
ম্যান্ডেলার আর কোনো ছেলে বেঁচে নেই। তবে তাঁর তিন মেয়ে আছেন। তাঁরা হলেন: মাকাজি, জিন্দজি ও জেনানি।
২০০৯ সালে জাতিসংঘ তাঁর জন্মদিনকে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা দেয়। কোনো ব্যক্তির জন্য এমন সম্মানজনক দিবস ঘোষণার আর নজির নেই।
ম্যান্ডেলার ঐকান্তিক চেষ্টায় ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের আয়োজন করা হয়। আফ্রিকা মহাদেশে সেটাই ছিল প্রথম বিশ্বকাপ ফুটবলের আসর। ফাইনালের দিন মাঠে উপস্থিত হয়ে দর্শকদের চমকে দেন ম্যান্ডেলা। এএফপি।