'রাক্ষুসে' পামের আঘাতে গৃহহীন ভানুয়াতুর মানুষ
ভয়াবহ ঘূর্ণিঝড় পামের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে প্রশান্ত মহাসাগরীয় ছোট দেশ ভানুয়াতু। গত শনিবারের ঝড়ের পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভানুয়াতুর প্রেসিডেন্ট বল্ডউইন লন্সডেল এই ঝড়কে ‘রাক্ষুসে’ আখ্যা দিয়ে বলেছেন, দেশের বেশির ভাগ মানুষ ঝড়ে গৃহহীন হয়ে পড়েছেন। খবর এএফপির।
৬৫টি দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াতুতে ঘূর্ণিঝড় পাম আঘাত হানে গত শনিবার ভোরে। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটার। প্রেসিডেন্ট লন্সডেল বলেন, রাজধানী পোর্ট ভিলার প্রায় সব বাড়ি ধ্বংস হয়ে গেছে। প্রেসিডেন্ট লন্সডেল এখন দুর্যোগ-সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপানে আছেন। তবে গতকাল রোববারই তাঁর দেশে ফেরার কথা। ঝড়ে এ পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জাতিসংঘ বলছে, শুধু একটি প্রদেশেই ৪৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঝড়ের পর দেশের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বেশির ভাগ রাস্তায় ঝড়ে ভেঙে যাওয়া গাছ পড়ে আছে। বিমানে করে দেশটিতে প্রথম ত্রাণসামগ্রী পাঠিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যুক্তরাজ্য, ফ্রান্স, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
ভানুয়াতুর পাশাপাশি ঘূর্ণিঝড় পাম কিরিবাতি, সলোমন দ্বীপপুঞ্জসহ কয়েকটি দেশেও আঘাত হানে। ভানুয়াতুর উত্তর-পূর্বাঞ্চলের দেশ টুভালুতে পামের আঘাতের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে।