'রাজত্বের চাবি' চুরি করেছেন স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন ‘রাজত্বের চাবি’ চুরি করেছেন। তিনি ১৫ লাখের বেশি অতি গোপনীয় নথিপত্র হস্তগত করেছেন। এনএসএর জ্যেষ্ঠ কর্মকর্তা রিক লেডগেট সিবিএস টেলিভিশনকে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি গত রোববার সম্প্রচার করা হয়।
রিক লিডগেট স্নোডেনের তথ্য ফাঁসের ঘটনায় ক্ষয়ক্ষতি মূল্যায়নে গঠিত এনএসএর টাস্কফোর্সের দায়িত্বে আছেন। তিনি সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে বলেন, স্নোডেন মার্কিন গোয়েন্দা সংস্থার শক্তি ও দুর্বলতার জায়গাগুলোর একটি ‘রোডম্যাপ’ হস্তগত করে ফেলেছেন।
বর্তমানে রাশিয়ার আশ্রয়ে থাকা স্নোডেনের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার ব্যাপারে তিনি রাজি জানিয়ে লিডগেট বলেন, গোপন তথ্য আর ফাঁস না করে তাঁদের কাছে হস্তান্তরে রাজি হলে এটা সম্ভব।

সাক্ষাৎকারে এনএসএ কর্মকর্তা লিডগেট জানান, তাঁরা স্নোডেনের চুরি করা ৩১ হাজার নথিপত্র নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। মার্কিন গোয়েন্দারা কোন কোন বিষয়ে আগ্রহী, কোথায় কোথায় তাদের দুর্বলতা আছে—এসব নথিতে সেসব বিষয় রয়েছে। তিনি আরও বলেন, ‘এই তথ্যগুলো কোনো শত্রু দেশের হাতে গেলে, “তারা আমরা কী জানি, আর কী জানি না”, সে বিষয়ে একটি “রূপরেখা” পেয়ে যাবে। এটা রাজত্বের চাবি পাওয়ার মতো।’ তবে স্নোডেনকে সাধারণ ক্ষমার বিষয়টি নাকচ করে দিয়েছেন এনএসএর প্রধান জেনারেল কেইথ আলেকজান্ডার। সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তিনি মার্কিন নাগরিকদের ওপর বৃহৎ পরিসরে নজরদারির খবরও নাকচ করে দেন। তিনি দাবি করেন, বিশ্বব্যাপী ৬০ জনের কম মার্কিন নাগরিকের ওপর বর্তমানে নজরদারি করা হচ্ছে।

আলেকজান্ডার বলেন, আদালতের সুনির্দিষ্ট আদেশের অধীনেই কেবল একজন মার্কিন নাগরিকের বিরুদ্ধে এনএসএ নজরদারি করতে পারে।

মার্কিন গোপন নথি ফাঁস করার ঘটনায় এরই মধ্যে স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে মার্কিন কর্তৃপক্ষ। তবে স্নোডেন বলেন, তিনি এনএসএর সুদূরপ্রসারী নজরদারি কার্যক্রমের মুখোশ খুলে দিতে ও গণবিতর্ক ছড়িয়ে দিতে নথিগুলো ফাঁস করেন। এএফপি।