পাকিস্তানে ১৯৯০ সালের নির্বাচনে যেসব রাজনীতিবিদ তৎকালীন সরকারের কাছ থেকে অবৈধভাবে আর্থিক সুবিধা নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত বর্তমান সরকারের আমলেই শেষ হবে। দেশটির কেন্দ্রীয় তথ্যমন্ত্রী কামার জামান কাইরা গত শনিবার এ ঘোষণা দিয়েছেন।নব্বইয়ের নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জয় ঠেকাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে পাকিস্তান মুসলিম লিগের নেতা নওয়াজ শরিফসহ কিছু রাজনীতিবিদকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছিল। রাষ্ট্রীয় মালিকানাধীন হাবিব ব্যাংক (বর্তমানে মেহরান ব্যাংক) এ জন্য ১৪ কোটি রুপি দিয়েছিল। আর এই অর্থ বণ্টনের দায়িত্বে ছিল সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই)। ওই কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে তৎকালীন সেনাপ্রধান আসলাম বেগ এবং আইএসআইয়ের প্রধান জেনারেল আসাদ দুররানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে গত শুক্রবার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে যেসব রাজনীতিবিদ ওই আর্থিক সুবিধা নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ ছিল আদালতের রায়ে।অভিযুক্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে তথ্যমন্ত্রী কাইরা শনিবার সাংবাদিকদের বলেন, ‘সম্ভাব্য সংক্ষিপ্ততম সময়ে তদন্ত শেষ করা হবে। সুপ্রিম কোর্ট যদিও এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেননি। তবে, বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে।’পিপিপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদ আগামী বছরের ১৮ মার্চ শেষ হবে।তথ্যমন্ত্রী বলেন, পিপিপি এ ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থানে রয়েছে। তবে তদন্ত কার্যক্রম শুরু হলেই তাতে রাজনৈতিক তকমা জুড়ে দেবে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)। কিন্তু পিপিপি এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। তদন্ত হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং পিএমএল-এনের সঙ্গে কোনো ধরনের ‘সমঝোতা’ করা হবে না। কোন কোন রাজনীতিবিদকে কত টাকা দেওয়া হয়েছে, তার একটি তালিকা সেই সময়ে প্রেসিডেন্টের কার্যালয়কে দিয়েছিলেন আইএসআইয়ের তৎকালীন প্রধান দুররানি। এই তালিকায় রাজনীতিক ও ব্যক্তিদের মধ্যে আছেন: নওয়াজ শরিফ ৩৫ লাখ রুপি, মির আফজাল খান এক কোটি, সাংবাদিকদের দেওয়ার জন্য লে. জেনারেল রাফাকাতকে ৫৬ লাখ, আবিদা হোসেন ১০ লাখ, জামায়াত-ই-ইসলামি ৫০ লাখ, জাম সাদিক ৫০ লাখ, পীর পাগারা ২০ লাখ, মাওলানা সালাউদ্দিন তিন লাখ, হুমাহুন মারি ১৫ লাখ, জামালি ৪০ লাখ, হাফিজ পীরজাদা ২০ লাখ, মুস্তাফা খার ২০ লাখ, সারওয়ার চিমা পাঁচ লাখ, নাদের মেঙ্গাল ১০ লাখ রুপি। ডন অনলাইন।