‘রাশিয়ার নির্বাচনে অনিয়ম হয়েছে’
‘রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে আইন লঙ্ঘনের তিন হাজার ঘটনার প্রমাণ পাওয়া গেছে।’ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের কাছে গতকাল বুধবার পেশ করা একটি প্রতিবেদনে সরকারি কৌঁসুলিরা এ দাবি করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউরি শাইকা এই প্রতিবেদন পেশ করেন। এতে বলা হয়, দুমার নির্বাচনে অবৈধ ভোটারদের অংশগ্রহণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তবে গণহারে ভোট জালিয়াতির প্রমাণ মেলেনি। নির্বাচনী আইন অমান্য করায় এ পর্যন্ত ৯৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে কোনো ফৌজদারি ঘটনার উল্লেখ করা হয়নি। এ ছাড়া কারচুপির মাধ্যমে ক্ষমতাসীন দলকে জয়ী করার চেষ্টা করা হয়েছে বলে বিরোধী দলের আনা অভিযোগ নাকচ করা হয়। সরকারি কৌঁসুলিরা উত্তর লেনিনগ্রাদ ও পস্কভ এবং সাইবেরিয়ার স্বায়ত্তশাসিত নেনেতস্কি এলাকায় প্রার্থীদের পক্ষের লোকজনকে নির্বাচনী কমিটিতে নেননি। ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও কমিটিতে নেওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, সাইবেরিয়ার আলতাই এলাকায় ৯৮৬ জনের নাম অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা হয় কারাবন্দী অথবা ভোট দেওয়ার অযোগ্য। এ ছাড়া সাতটি অঞ্চলে ভোটার তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে। এএফপি