‘রাশিয়ার সঙ্গে অস্ত্র ক্রয় চুক্তি বাতিল হয়নি’
রাশিয়ার সঙ্গে অস্ত্র ক্রয়সংক্রান্ত ৪২০ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল করা হয়নি বলে জানিয়েছেন ইরাকের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সাদুন আল দুলায়মি। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির মুখপাত্র আলী মুসাবির বরাত দিয়ে গত শনিবার বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, ‘দুর্নীতির’ কারণে রাশিয়ার সঙ্গে ওই চুক্তি বাতিল করেছে ইরাক।গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ইরাকের প্রতিরক্ষামন্ত্রী দুলায়মি গত শনিবারই বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল করা হয়নি। চুক্তি অনুযায়ী অস্ত্র ক্রয়ের ব্যাপারে কাজ চলছে। এই চুক্তিতে কোনো ধরনের দুর্নীতি হয়নি বলেও দাবি করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই চুক্তি নিয়ে যা হয়েছে তা হলো, সরকার চুক্তির বিষয়টি যথাসময়ে দুর্নীতি দমন কমিটির কাছে জমা দিতে দেরি করেছে।চুক্তি বাতিলের খবরের ব্যাপারে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি। এ ব্যাপারে জানতে আল জাজিরা টেলিভিশনের পক্ষ থেকে বাগদাদে রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা মন্তব্য করেনি।রাশিয়ার প্রতিরক্ষাবিষয়ক বিশ্লেষক পাভেল ফেলগেনার বলেন, রাশিয়া একটি বিশেষায়িত সংস্থা ও অস্ত্রের ব্যবসায়ীদের মাধ্যমে অস্ত্র বিক্রি করে থাকে। এদের সঙ্গে সামরিক বাহিনীর যোগাযোগ থাকে। তবে তাঁরা অবশ্যই সামরিক বাহিনীর কেউ নন। তিনি আরও বলেন, রাশিয়ার আইনে অস্ত্র বিক্রির ক্ষেত্রে ‘বিদেশি মধ্যস্থতা’ থাকা যাবে না—এমন কোনো নিষেধাজ্ঞাও নেই। এই বিশ্লেষক আরও বলেন, এই অস্ত্র চুক্তি যেহেতু অনেক অর্থের ব্যাপার, তাই এমন নিষেধাজ্ঞা থাকলেও থাকতে পারে। তিনি অবশ্য এই চুক্তির ক্ষেত্রে দুর্নীতির সংশ্লিষ্টতা নিয়ে কিছু বলেননি।গত মাসে ইরাকের প্রধানমন্ত্রী মালিকির রাশিয়া সফরের সময় দুই দেশের মধ্যে এই চুক্তি হয়। ৪২০ কোটি মার্কিন ডলারের এই চুক্তি হলে ইরাকে যুক্তরাষ্ট্রের পরে রাশিয়াই হবে বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে এমআই-২৮ মডেলের আক্রমণকারী হেলিকপ্টার ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা ইরাকের। বিবিসি ও জাজিরা।