'রাসায়নিক অস্ত্র তৈরির সরঞ্জাম ধ্বংস হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার ঘোষিত সব রাসায়নিক অস্ত্র উৎপাদন ও মিশ্রণসংশ্লিষ্ট সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। অস্ত্র ধ্বংসের কাজে দায়িত্বপ্রাপ্ত সংস্থা দি অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডব্লিউ) এ কথা জানিয়েছে।
সিরিয়া সংকট সমাধানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতৈক্যের মাধ্যমে প্রণীত রূপরেখা অনুযায়ী বেঁধে দেওয়া সময়ের মধ্যেই এসব সরঞ্জাম ধ্বংস করা হলো। সরঞ্জামগুলো ধ্বংসে আজ ১ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। ওই রূপরেখা অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করার কথা রয়েছে।
ওপিসিডব্লিউর এক নথিতে জানা যায়, সংস্থাটির পরিদর্শক দল সিরিয়া সরকারের ঘোষণা দেওয়া রাসায়নিক অস্ত্রের ২৩টি স্থাপনার মধ্যে ২১টিই পরিদর্শন করেছে। অন্য দুটি স্থাপনা পরিদর্শনে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সেখানে যাওয়া হয়নি। তবে ওই স্থাপনা দুটির সরঞ্জাম অন্য স্থাপনায় সরিয়ে নেওয়া হয়। পরিদর্শক দল ওই সরঞ্জামগুলোও খতিয়ে দেখেছেন।
ওপিসিডব্লিউর নথিতে বলা হয়, রাসায়নিক অস্ত্রের সরঞ্জাম ধ্বংসের বিষয়ে তারা সন্তুষ্ট। ওপিসিডব্লিউর পরিদর্শক দল ২৩টি স্থাপনার উৎপাদন ও মিশ্রণসংশ্লিষ্ট ধ্বংস করা সব সরঞ্জাম দেখেছে। এসব স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও নথিতে উল্লেখ করা হয়েছে।
ওপিসিডব্লিউর পরিদর্শক দল কোন দুটি স্থাপনা পরিদর্শন করতে পারেনি, নথিতে তা উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, পরিদর্শন না করা একটি স্থাপনা আলেপ্পোয় অবস্থিত। অন্যটি অবস্থিত দামেস্ক প্রদেশে।
সিরিয়ায় প্রায় আড়াই বছর ধরে সহিংসতা চলছে। এতে অন্তত এক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এএফপি ও রয়টার্স।