‘রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারেন বাশার’
রাজধানী দামেস্কে সরকারি বাহিনী ও বাশার আল-আসাদবিরোধীদের মধ্যে লড়াই ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সরকারি বাহিনী হেলিকপ্টার নিয়ে আকাশ থেকে এবং ট্যাংক নিয়ে স্থলপথে বিরোধীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিরোধীরা জোর লড়াই চালিয়ে রাজধানী দখলের ঘোষণা দেওয়ার পর সরকারি বাহিনী আকাশ ও স্থলপথে হামলা চালাচ্ছে। এদিকে বাশারের পক্ষত্যাগী ইরাকে সিরিয়ার সাবেক রাষ্ট্রদূত নওয়াফ ফারেস বলেছেন, বিরোধীদের আন্দোলন দমনে প্রয়োজনে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে দ্বিধা করবে না বাশার আল-আসাদ সরকার। জ্যেষ্ঠ রাজনীতিক এবং সম্প্রতি বাশারের পক্ষত্যাগী নওয়াফ ফারেস গতকাল মঙ্গলবার এ মন্তব্য করেন। নওয়াফ বলেন, সিরিয়ার হোমস শহরে ইতিমধ্যে আংশিকভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহূত হয়েছে বলে অসমর্থিত একাধিক সূত্র জানিয়েছে। আল-কায়েদার সঙ্গে যোগসাজশের মাধ্যমে সরকার সিরিয়াজুড়ে বড় ধরনের বোমা হামলা চালিয়েছে। স্বার্থ এক হওয়ার ফলে সিরিয়ার সরকার ও আল-কায়েদার মধ্যে ঐক্য হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অবস্থা এখন কোণঠাসা আহত বাঘের মতো। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি সিরিয়ার সব মানুষকে শেষ করে দিতে পারেন। একমাত্র বলপ্রয়োগের মাধ্যমেই তাঁকে উৎখাত করা যাবে।সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের বিশাল মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। এসব অস্ত্রের ব্যাপারে দেশটির প্রতিবেশী দেশগুলোসহ পশ্চিমারা উদ্বেগ প্রকাশ করেছে। গত রোববার থেকে বাশার বাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) মধ্যে লড়াই চলছে। অনেকে বলছেন, বাশারবিরোধী ১৬ মাসের আন্দোলনের ‘টার্নিং পয়েন্ট’ এটি। এফএসএ গত সোমবার ঘোষণা দিয়েছে, সরকারি বাহিনীর বিরুদ্ধে তাঁরা পূর্ণ শক্তি নিয়ে হামলা চালাবে। এ হামলাকে তাঁরা ‘দামেস্কের আগ্নেয়গিরি ও সিরিয়ার ভূমিকম্প’ বলে অভিহিত করেছে।সিরিয়ায় মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার মুখপাত্র রামি আবদেল রহমান বলেন, রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টাব্যাপী এবং দিনব্যাপী লড়াই হলেও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এতে সরকারের দুর্বলতাই প্রমাণিত হয়।পর্যবেক্ষক সংস্থা জানায়, সরকারি বাহিনী ভারী অস্ত্রসজ্জিত হেলিকপ্টার নিয়ে দামেস্কের কাবুন এলাকায় হামলা চালিয়েছে। সেনাবাহিনী ওই এলাকায় ঢুকতে চাইলে সরকারবিরোধীরা প্রতিরোধ করে তাদের হটিয়ে দেয়। ওমর পরিচয় দিয়ে সরকারবিরোধী একজন জানান, সেনাবাহিনী হেলিকপ্টার ও ট্যাংক নিয়ে কাবুনে অভিযান চালানোর চেষ্টা করেছিল। তবে এফএসএ তাদের থামিয়ে দেয়। তারা ওই এলাকায় গোলা নিক্ষেপ করেছে।দামেস্কের দক্ষিণে অবস্থিত তাদামন, পশ্চিমে কাফার সউসা এবং পূর্বে জবার এলাকায় গত রোববার থেকে টানা লড়াই চলছে বলে বিক্ষোভকারীরা জানায়। তবে বাশার সরকার জানিয়েছে, রাজধানীর কর্তৃত্ব কখনোই হাতছাড়া করা হবে না। এদিকে নিরাপত্তা পরিষদে সিরিয়ার ওপর অবরোধ আরোপের সিদ্ধান্তে সমর্থন আদায়ের জন্য রাশিয়াকে ‘ব্ল্যাকমেইলের’ চেষ্টা করা হচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ অভিযোগ করেছেন। সিরিয়া প্রসঙ্গে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। চীনের সঙ্গে বৈঠকের জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন বর্তমানে চীন সফরে রয়েছেন। তবে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বাইরে থেকে কোনো ধরনের হস্তক্ষেপে চীনের আপত্তি রয়েছে। বিবিসি ও এএফপি।