'রাহুলকে প্রধানমন্ত্রী করতেই অন্ধ্র ভাগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেস পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী তাঁর ছেলে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতেই অন্ধ্র প্রদেশ রাজ্য ভাঙার ব্যবস্থা করেছেন। দক্ষিণ ভারতের দল ওয়াইএসআর কংগ্রেসের (যুবজন শ্রমিক রিথু কংগ্রেস) সভাপতি জগনমোহন রেড্ডি শনিবার এ অভিযোগ করেন। তিনি প্রধান বিরোধী দল বিজেপিসহ সব দলের প্রতি অন্ধ্র ভাগের পদক্ষেপ প্রতিহত করার ডাক দেন।
এদিকে অন্ধ্রের বিভিন্ন স্থানে তেলেঙ্গানাবিরোধীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার ভিজিয়ানাগ্রাম জেলায় ব্যাপক সহিংসতার পর সেখানে কারফিউ জারি করা হয়।
ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডি নতুন তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছেন। শনিবার তিনি বলেন, ‘ছেলে রাহুলকে আগামী দিনের প্রধানমন্ত্রী বানাতেই অন্ধ্র প্রদেশ ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া। এ রাজ্যের ভোট বাগাতে তিনি এসব করছেন। এটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়। বিজেপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আমি এগিয়ে আসার এবং কংগ্রেস প্রধানের এ খামখেয়ালি সিদ্ধান্তের প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।’
বন্ধ্-কারফিউ-বিদ্যুৎবিপর্যয়: কারফিউ উপেক্ষা করে গতকাল ভিজিয়ানাগ্রাম শহর ও জেলার অন্যান্য অংশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে। আরেকটি স্থানে বিক্ষোভকারীদের লাঠিপেটা করেছে পুলিশ।
রায়লসিমা ও উপকূলীয় অন্ধ্র অঞ্চলের বিদ্যুৎ বিভাগের ৩০ হাজারের বেশি কর্মী গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করায় বিদ্যুৎবিপর্যয়ের মুখে পড়েছে ছয়টি জেলা। বিঘ্নিত হচ্ছে ট্রেন চলাচলসহ গোটা রাজ্যের স্বাভাবিক জীবনযাত্রা। আইএএনএস।