‘লস্করের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে আইএসআই’
মুম্বাই হামলার ঘটনায় অভিযুক্ত জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের একটি বিশেষ শুনানিতে আইনপ্রণেতাদের কাছে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের কয়েকজন দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারাও। ‘লস্কর-ই-তাইয়েবা অ্যান্ড দ্য গ্রোয়িং ইনটেনশন অব ইসলামিক মিলিট্যান্সি ইন পাকিস্তান’ শীর্ষক শুনানিতে আইনপ্রণেতারা বলেন, (জঙ্গি দমনে) মার্কিন প্রশাসনের সর্বোচ্চ প্রয়াস সত্ত্বেও আইএসআই এলইটির সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং পাকিস্তান কর্তৃপক্ষ এই জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।মার্কিন প্রতিনিধি পরিষদের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপকমিটির চেয়ারম্যান গ্যারি এল অ্যাকেরম্যান বলেন, ‘এলইটি ভয়ংকর চরমপন্থী সংগঠন। তাদের ভালো অর্থায়ন রয়েছে, তারা উচ্চাকাঙ্ক্ষী এবং সবচেয়ে বাজে বিষয় হলো, পাকিস্তানের সামরিক বাহিনী গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগ বজায় রাখছে ও সমর্থন দিচ্ছে।’ তিনি উল্লেখ করেন, এই পাকিস্তানি সেনাবাহিনীকেই যুক্তরাষ্ট্র অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করছে।কমিটির সামনে বক্তব্য রাখার সময় ওয়াশিংটনভিত্তিক পরামর্শক সংস্থা মিডল ইস্ট ইনস্টিটিউটের গবেষক মারভিন জি ওয়েইনবাম বলেন, পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও গোয়েন্দা সংস্থাটি এলইটিকে একটি সহায়ক শক্তি হিসেবে বিবেচনা করে। তাদের ধারণা, আইএসআই এলইটিকে গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা দিচ্ছে। এলইটি নেতা হাফিজ মোহাম্মদ সাইদকে আটকে রাখার ব্যাপারেও পাকিস্তানি কর্তৃপক্ষের অনাগ্রহ দেখা গেছে।এলইটিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে আরেকটি পরামর্শক সংস্থা হেরিটেজ ফাউন্ডেশনের লিসা কার্টিস বলেন, সম্প্রতি একটি সমাবেশে হাফিজ সাইদের উপস্থিতি জঙ্গি গোষ্ঠীটিকে নিয়ন্ত্রণের ব্যাপারে পাকিস্তান সরকারের প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি আরও বলেন, আগেই এলইটির কার্যক্রম বন্ধ করতে পাকিস্তানকে চাপ না দেওয়াটা ছিল মার্কিন পররাষ্ট্রনীতির একটি ব্যর্থতা। পাকিস্তান থেকে সব ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হুমকি অপসারণে এই গোষ্ঠীর প্রতি সহযোগিতা বন্ধের জন্য ইসলামাবাদকে অবশ্যই যুক্তরাষ্ট্রের চাপ দেওয়া উচিত।প্রখ্যাত পাকিস্তানি গবেষক সুজা নওয়াজও আইএসআই এবং এলইটির সম্পর্ক নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, আঞ্চলিক শক্তি হিসেবে এলইটির উত্থান ঘটছে। এই শক্তি আফগানিস্তান, ভারত ও বাংলাদেশে হরকাত উল জিহাদ (হুজি) এবং স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সামি) মতো সংগঠনগুলোর সঙ্গে মিলে তাদের কর্মকাণ্ডের পরিধি বিস্তৃত করছে।কার্নেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র অ্যাসোসিয়েট অ্যাশলে জে টেলিস বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক মার্কিন নাগরিক ডেভিড হেডলিকে জিজ্ঞাসাবাদ করে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, মুম্বাই হামলার পরিকল্পনায় আইএসআই পরোক্ষভাবে জড়িত ছিল। আইএসআই এলইটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কারণ তারা মনে করে সংগঠনটি পাকিস্তানের জাতীয় কৌশলের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে কার্যকর শক্তি হিসেবে কাজ করছে। পিটিআই।