‘লাদেন মারা গেলে বিশ্বে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেন মারা গেলে বিশ্বে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন তাঁর ছেলে ওমর বিন লাদেন। তিনি বলেছেন, ভাগ্য ভালো যে লাদেন এখনো বেঁচে আছেন। তিনি মারা গেলে বিশ্বে খুবই বাজে পরিস্থিতির সৃষ্টি হবে। রোলিং স্টোন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে ওমর এ কথা বলেছেন। আজ শুক্রবার সাক্ষাত্কারটি প্রকাশ করা হবে। সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্লাবে বসে এ সাক্ষাত্কার দেন তিনি। ওমর বিন লাদেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে বাড়তি সেনা পাঠিয়ে ভুল করছেন। ওমরের বরাত দিয়ে রোলিং স্টোন বলেছে, ‘এটা স্রেফ বালুতে পানি ঢালার মতো, যা কেবল বালুকে ভারীই করতে পারে।’ ওমর বলেন, ‘আমি ওবামার জায়গায় থাকলে আফগানদের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতাম। অন্তত ছয় মাস থেকে এক বছর কোনো যুদ্ধে যেতাম না। সেখানে কোনো সেনা পাঠাতাম না। আফগানিস্তানে মার্কিনিরা কখনই বিজয় অর্জন করতে পারবে না। আমার বাবার সঙ্গে পেরে ওঠাটা খুবই কঠিন। মনে রাখতে হবে, অন্য কারও সঙ্গে নয়, আফগানদের সঙ্গে লড়ছে মার্কিনিরা।’ওমর বলেন, ২০০০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ ডব্লিউ বুশ বিজয়ী হওয়ায় তাঁর বাবা খুশি হয়েছিলেন। কেননা তিনি মনে করতেন, যুক্তরাষ্ট্রের এমন একজন প্রেসিডেন্ট দরকার, যিনি যুদ্ধ ও অর্থব্যয়ের মাধ্যমে সে দেশের মানুষের ঐক্যে ফাটল ধরাবেন। ২০০৭ সালে নিজের প্রায় দ্বিগুণ বয়সী এক ব্রিটিশ নারীকে বিয়ে করে আলোচনায় আসেন ওমর। বিয়ের পরে স্পেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন তাঁরা। কিন্তু স্পেন সরকার এতে রাজি হয়নি। পরে ব্রিটেন, কাতার ও মিসরও তাঁদের অনুরোধে সাড়া দেয়নি। ওমর দাবি করেন, লাদেনের ১১ ছেলের মধ্যে তিনি অন্যতম। আফগানিস্তান ও সুদানের জিহাদি শিবিরে তাঁর শৈশব কেটেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে হামলার কয়েক মাস আগেই তিনি তাঁর বাবার সঙ্গ ত্যাগ করেন।রোলিং স্টোন জানায়, ওমর এখন সৌদি আরবের জেদ্দায় বসবাস করছেন। রয়টার্স অনলাইন।