‘লাদেনের মৃত্যুতে ভেঙে পড়েছে আল-কায়েদা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেনের মৃত্যুতে সাংগঠনিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা। এই দুর্বলতা কাটিয়ে ওঠা সংগঠনটির পক্ষে খুবই কঠিন হবে বলে মার্কির পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। গত মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে দেখা যায়, লাদেনের মৃত্যুর পর বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা কমে এসেছে। ২০০৫ সালের পর গত বছর সবচেয়ে কম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২০১০ সালে বিশ্বব্যাপী ১১ হাজার ৬৪১টি সন্ত্রাসী হামলা হয়। ২০১১ সালে হামলার ঘটনা ঘটেছে ১০ হাজার ২৮৩টি। ২০১১ সালকে ‘মাইলফলকের বছর’ হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্র বলেছে, গত বছর আল-কায়েদার অন্যান্য শীর্ষ নেতার মধ্যে আতিয়াহ আবদেল আল-রহমান ও আনোয়ার আল-আওলাকি নিহত হয়েছেন। আতিয়াহ আবদেল আল-রহমান ছিলেন লাদেনের মৃত্যুর পর জঙ্গি সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা। আর আওলাকি ছিলেন সংগঠনটির ইয়েমেন শাখার নেতা।প্রতিবেদন অনুযায়ী ২০১০ সালে সন্ত্রাসী হামলায় মোট ১৩ হাজার ১৯৩ জন মানুষ মারা যায়। আর ২০১১ সালে মারা যায় ১২ হাজার ৫৩৩ জন। এ সফলতার জন্য প্রতিবেদনে লাদেনের হত্যার ঘটনাকে উল্লেখ করা হয়েছে। ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন সেনাবাহিনীর অভিযানে নিহত হন আল-কায়েদা প্রতিষ্ঠাতা লাদেন।প্রতিবেদনে বলা হয়েছে, বিন লাদেন ও অন্যান্য শীর্ষ নেতাকে হারিয়ে আল-কায়েদা বিলীন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসাটা খুব কঠিন হবে। এ-ও বলা হয়, আল-কায়েদার মূল অংশ দুর্বল হয়ে পড়লেও এর অনুমোদিত অংশগুলো এই সময়ে শক্তি সঞ্চয় করেছে। এ ক্ষেত্রে আল-কায়েদা অব অ্যারাবিয়ান পেনিনসুলা, আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব ও বোকো হারাম—এই সংগঠনগুলোর কথা উল্লেখ করা হয়। রয়টার্স।