‘লাভ স্টোরি’ উপন্যাসের লেখক এরিখ সেগাল মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাভ স্টোরি উপন্যাসের জন্য খ্যাত লেখক এরিখ সেগাল হূদরোগে আক্রান্ত হয়ে তাঁর লন্ডনের বাড়িতে রোববার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সেগালের মেয়ে ফ্রান্সেসকা সেগাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। খবর এএফপি। মার্কিন বংশোদ্ভূত সেগাল ইয়েল ইউনিভার্সিটিতে অধ্যাপনা করতেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সময় লাভ স্টোরি উপন্যাসটি লেখেন তিনি। ওই বই অবলম্বনে ১৯৭০ সালে একটি চলচ্চিত্র নির্মিত হয়। পরবর্তী সময়ে চলচ্চিত্রটি বিশ্বব্যাপী সাড়া ফেলে। একটি ক্যাটাগরিতে অস্কারও জেতে এটি। ফ্রান্সেসকা সেগাল জানান, তাঁর বাবা বেশ কয়েক বছর ধরে পার্কিনসন্স রোগে ভুগছিলেন। নিউইয়র্কে জন্ম নেওয়া এই ঔপন্যাসিকের অন্ত্যেষ্টিক্রিয়া মঙ্গলবার লন্ডনে সম্পন্ন হয়। তাঁর স্ত্রী কারেন জেমস, দুই মেয়ে ফ্রান্সেসকা ও মারিন্দা লন্ডনেই থাকেন। এরিখ সেগাল অক্সফোর্ড ইউনিভার্সিটির উল্ফসন কলেজের একজন সম্মানিত ফেলো ছিলেন।