'লুৎফুর অশ্বেতাঙ্গ ও মুসলিম হওয়ায় অপপ্রচার চলছে'

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়র লুৎফুর রহমান অশ্বেতাঙ্গ ও মুসলিম হওয়ায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তি। অথচ শিক্ষা, হাউজিং, সামাজিক ন্যায়বিচারসহ সব ক্ষেত্রে তাঁর সাফল্য অসাধারণ বলে তাঁরা মন্তব্য করেন।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে কমিশনার নিয়োগ প্রস্তাবের প্রতিবাদে গতকাল বুধবার ওয়াটারলিলি হলে এক সভার আয়োজন করা হয়। ‘টাওয়ার হ্যামলেটসের গণতন্ত্র রক্ষা করো’ শিরোনামে ওই সভায় লেবার দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লন্ডনের সাবেক মেয়র কেন লিভিংস্টোন, যুদ্ধবিরোধী নেতা হিসেবে পরিচিত জর্জ গ্যালওয়ে এমপি, লেবার পার্টির নির্বাহী কমিটির আরেক সদস্য ক্রিসটিন শক্রফটসহ অন্তত ২০ জন বক্তা বক্তব্য দেন।
কেন লিভিংস্টোন বলেন, লেবার দলের প্রাতিষ্ঠানিক বর্ণবাদী আচরণের কারণে টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি নেতৃত্ব গড়ে ওঠেনি। টাওয়ার হ্যামলেটসের স্বতন্ত্র মেয়র লুৎফুর রহমান লেবার ও টোরি দলের বর্ণবাদী এবং ইসলামবিদ্বেষী আক্রমণের শিকার বলে মন্তব্য করেন তিনি।
কেন লিভিংস্টোন আরও বলেন, বাংলাদেশি কমিউনিটি থেকে যখনই মেধাবী, উদ্যমী কোনো নেতা ওঠে এসেছেন, লেবার পার্টি তখনই নানা অভিযোগ তুলে তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে। তিনি বলেন, কমিউনিটিজ সেক্রেটারি এরিক পিকলসের কত বড় সাহস যে, তিনি ছয় মাস আগে নির্বাচিত একজন মেয়রকে সরিয়ে দিতে চান। লুৎফুর যেন একজন ভালো আইনজীবী খুঁজে পিকলসের বিরুদ্ধে মামলা করেন, সে পরামর্শও দিয়েছেন তিনি। আবারও লুৎফুরকে লেবার দলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন তিনি।
ইরাকযুদ্ধের বিরোধিতা করার কারণে লেবার দল থেকে বহিষ্কৃত জর্জ গ্যালওয়ে এমপি বলেন, বাংলাদেশিদের সমর্থন নিয়ে ২০০৫ সালে তিনি টাওয়ার হ্যামলেটস এলাকার এমপি নির্বাচিত হন। এ কারণে ২০১০ সালে বাধ্য হয়ে লেবার পার্টি একজন বাংলাদেশিকে এমপি পদে মনোনয়ন দেয়।
ক্রিসটিন শক্রফটসহ অন্য বক্তাদের মূল বক্তব্য ছিল, অনেক সাফল্য থাকার পরও অশ্বেতাঙ্গ ও মুসলিম হওয়ার কারণেই লুৎফুরের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে।
মেয়র লুৎফুর রহমান বলেন, ‘লন্ডনের মতো একটি শহরের প্রাণকেন্দ্রে একজন অশ্বেতাঙ্গ ও মুসলিম মেয়র হয়ে সফলভাবে কাউন্সিল পরিচালনা করছে—এটি মূলধারার রাজনৈতিক দলগুলোকে বিব্রত করেছে। তারা চেয়েছিল অডিট পরিচালনা করে আমাকে মেয়র পদ থেকে সরিয়ে দিতে। কিন্তু সে রকম কিছু তারা খুঁজে পায়নি।’ তিনি বলেন, একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি শুধু বরোর বাসিন্দাদের কাছে জবাবদিহি করবেন, সরকারের চাপিয়ে দেওয়া কমিশনারদের কাছে নয়।
বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান ২০১০ সালে লেবার দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হন। চলতি বছর দ্বিতীয় মেয়াদে নির্বাচন অনুষ্ঠানের আগে লুৎফুর রহমানের বিরুদ্ধে বিবিসির অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে অভিযোগ করা হয়, তিনি মুসলিম ও বাংলাদেশি সংগঠনগুলোকে বেশি সহায়তা দিচ্ছেন, কাউন্সিলের গ্রান্টস প্রদান এবং বেসরকারি খাতে কাউন্সিলের বাড়ি বিক্রির ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নিয়েছেন। এসব অভিযোগ তদন্তে অডিট ফার্ম প্রাইস ওয়াটার হাউস কুপারসকে নিয়োগ দিয়েছিলেন দেশটির কমিউনিটিজ-বিষয়ক সেক্রেটারি এরিক পিকলস। সম্প্রতি প্রকাশিত সেই প্রতিবেদনে অনিয়ম ও অস্বচ্ছতার তথ্য উঠে আসে। এরিক পিকলস টাওয়ার হ্যামলেটসসে হস্তক্ষেপের সিদ্ধান্তের কথা জানান। সিদ্ধান্ত অনুযায়ী, লুৎফুর রহমান পদে বহাল থাকলেও এরিক পিকলস নিযুক্ত তিনজন কমিশনার কাউন্সিলের সামগ্রিক কার্যাবলি নজরদারি করবেন। সে সঙ্গে গ্রান্টস প্রদান, লোকবল নিয়োগ কিংবা কাউন্সিলের বাড়ি বেসরকারি খাতে হস্তান্তরের ক্ষেত্রে এরিক পিকলসের পূব অনুমতি নিতে হবে।
সভায় অন্যদের মধ্যে ছিলেন ক্রীড়াবিদ মিকি এমব্রোস, লেফট ইউনিটির ন্যাশনাল সেক্রেটারি কেইট হাডসন, ইউনাইট এগেইনস্ট ফেসিজমের জয়েন্ট সেক্রেটারি ওয়েম্যান বেনেট প্রমুখ।