'লেডি টারজান' নির্মলা, যার নির্দেশ মানল বন্য হাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে চিকিৎসাধীন নির্মলা। ছবি: বিবিসির সৌজন্যে
হাসপাতালে চিকিৎসাধীন নির্মলা। ছবি: বিবিসির সৌজন্যে

হ্যামিলনের বাঁশিওয়ালা তার বাঁশির জাদুতে ইঁদুর তাড়িয়ে ভয়াবহ উপদ্রব থেকে রক্ষা করেছিল নগরবাসীকে। সেটা বহুল পঠিত কল্পকাহিনি। কিন্তু ১৪ বছরের কিশোরী নির্মলা তপ্পো যা করেছে, তা বাস্তবে ঘটা এর চেয়েও বিস্ময়কর কাণ্ড! সে তাঁর সহজাত গুণ দিয়ে বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষা করেছে একটি জনপদের একদল অসহায় মানুষকে।
ভারতের ওডিশা রাজ্যের এই কিশোরী স্থানীয় পর্যায়ে রীতিমতো ছোটখাটো তারকাখ্যাতি পেয়ে গেছে। নির্মলাকে কেউ বলে ‘হাতিকন্যা’, আবার কারও কাছে সে  ‘লেডি টারজান’। কীভাবে, কোন সম্মোহনী শক্তি দিয়ে এই কিশোরী বন্য হাতির পালকে বনে পাঠাতে সক্ষম হলো, তা নিয়ে আজ বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি অনলাইন।  
বন বিভাগের কর্মকর্তা পি কে ঢোলার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ওডিশা রাজ্যের শিল্পনগর রুরকেলায় গত জুনে এক রাতে আচমকা ঢুকে পড়ে একদল বন্য হাতি। সংখ্যায় ছিল ১১। আতঙ্কে অস্থির আশপাশের সবাই। বন বিভাগের স্থানীয় কর্মীরা অনেক কসরত করে হাতির পালকে স্থানীয় ফুটবল খেলার মাঠে নিতে সক্ষম হন। তবে কিছুতেই তাদের বনে ফেরত পাঠাতে পারছিলেন না তাঁরা। এ কাজের জন্য তাঁরা ডেকে আনেন পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ১৪ বছর বয়সী আদিবাসী কিশোরী নির্মলাকে। তাঁদের হতাশ করেনি নির্মলা। তাকে অনুসরণ করে হাতির পাল পৌঁছে গেছে বনে। পুরস্কার হিসেবে রাজ্য সরকার তাকে অর্থও দিয়েছে।
বন বিভাগের কর্মকর্তা পি কে ঢোলা বলেন, ‘আমরা জানতাম ঝাড়খণ্ডের আদিবাসী এক কিশোরী হাতির সঙ্গে কথা বলতে পারে। পারে তাদের বনে ফিরিয়ে নিতে। খবর দিলে সে তার বাবা ও প্রতিবেশীদের নিয়ে ঘটনাস্থলে আসে।’

সহজাত গুণ দিয়ে বন্য হাতির তাণ্ডব থেকে নির্মলা রক্ষা করেছে একটি জনপদের একদল অসহায় মানুষকে। ছবি: বিবিসির সৌজন্যে
সহজাত গুণ দিয়ে বন্য হাতির তাণ্ডব থেকে নির্মলা রক্ষা করেছে একটি জনপদের একদল অসহায় মানুষকে। ছবি: বিবিসির সৌজন্যে

কঠিন কাজটি কীভাবে করেছে, জানতে চাইলে রোমান ক্যাথলিক অনুসারী নির্মলা বলে, ‘আমি হাতির পালের সঙ্গে স্থানীয় আদিবাসী ভাষা মুন্দারিতে কথা বলেছি। প্রথমে আমি প্রার্থনা করেছি, পরে বন্য হাতির দলের সঙ্গে কথা বলেছি। তারা আমার ভাষা বুঝতে পেরেছে। আমি তাদের বলেছি, এটা তোমাদের বাড়ি না। যেখানে তোমাদের বাড়ি, সেখানেই তোমাদের চলে যাওয়া উচিত।’

নির্মলা জানাল, বন্য হাতির হামলায় তার মায়ের মৃত্যু হয়। লোকালয় থেকে হাতি তাড়ানোর কৌশল শেখার সিদ্ধান্ত নেয় সে। ওই দিন সে, তার বাবা ও প্রতিবেশীরা মাঠে গিয়ে হাতির পালকে ঘিরে ফেলে। এরপর সে হাতির পালের কাছে যায় এবং কথা বলে।

হাতি তাড়াতে নির্মলার এই পদ্ধতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ওডিশাভিত্তিক সমাজকর্মী রবি প্রধান। তিনি বলেন, হাতি মানুষের ভাষা বুঝতে পারে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

ঝাড়খণ্ডের সিমডেগার জেলা কাউন্সিলের সদস্য নেইল জাস্টিন বিক বলেন, ‘বন্য প্রাণীদের সঙ্গে সহাবস্থানের কারণে আদিবাসীরা জানে কীভাবে তাদের সঙ্গে আচরণ করতে হয়। নির্মলাকে আমরা “লেডি টারজান” বলে ডাকি।’

ওই দিন হাতির পালকে বনে ফেরত পাঠাতে গিয়ে অনেকখানি রাস্তা হেঁটে পায়ে ক্ষত হয় নির্মলার। পরে এতে সংক্রমণ ছড়ায়। বর্তমানে সে স্থানীয় রেডক্রস সোসাইটির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।