‘শত্রুর ভাষা’ শিখছে তারা
ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের সম্পর্ক চিরবৈরী। আর হামাস-শাসিত গাজার বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে তেল আবিব। অথচ সেই গাজার বিদ্যালয়গুলোতেই শেখানো হচ্ছে হিব্রু ভাষা।গাজার তেমনি একটি বিদ্যালয় হাসান সালামা গার্লস স্কুল। এখানে শিশুদের শেখানো হচ্ছে ইসরায়েলিদের হিব্রু ভাষা। বিদ্যালয়ের একটি শেণীকক্ষে শিক্ষিকা উচ্চারণ করেন ‘ইরেভ টভ’ বা ‘শুভ সন্ধ্যা’। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরাও সমস্বরে বলে ওঠে ‘ইরেভ টভ’।চলতি বছরের শুরুর দিকে গাজার বিদ্যালয়গুলোতে হিব্রু শেখার কর্মসূচি চালু করা হয়। দুই দশকের মধ্যে সেখানে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। গাজার সরকার চাইছে, বেশিসংখ্যক শিক্ষককে হিব্রু ভাষায় পারদর্শী করে তুলতে, যাতে গাজার সব বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই ভাষা শেখানো যায়।আসলে গাজার মানুষের হিব্রু শেখার নেপথ্যে কী? তারা কি ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চায়; নাকি এটা নিছকই কৌশল—নিশ্চিত করে এমন কিছু বলা না গেলেও অনেক কিছুই ঠাহর করা যায়।আরবি ও হিব্রু ভাষার মধ্যে কিছু সাদৃশ্য আছে। ফলে আরবি ভাষাভাষী গাজার শিশুরা সহজেই হিব্রু রপ্ত করতে পারে। তেমনি এক শিশু নাদাইন আল আশি (১৪)। সে আরবির পাশাপাশি অনর্গল ইংরেজিতেও কথা বলে। নাদাইন ইংরেজিতে জানায়, ‘হিব্রু শেখা ইংরেজির চেয়ে অনেক সহজ। তবে এটাও ঠিক যে এটা আমাদের শত্রুর ভাষা। আর ইসরায়েলিরা ভাবে, আমরা তাদের ভয় পাই। তবে আমরা তাদের মোটেও ভয় পাই না। আমরা হিব্রু দিয়েই তাদের সঙ্গে লড়াই করব।’ আর হিব্রু শেখার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের কোনো শান্তির সমঝোতা হতে পারে—এমন সম্ভাবনাকেও উড়িয়ে দেয় নাদাইন।আর নাদাইনের বান্ধবী নূর আদওয়ান জানায়, ‘ইসরায়েলিরা যদি আমাদের চোখের সামনে কোনো ষড়যন্ত্র করে এবং আমাদের হিব্রু জানা থাকে, তাহলে আমরা সেটা বুঝতে পারব।’তবে ভিন্ন পরিস্থিতিও আছে। গাজার আগের প্রজন্মের মানুষ অবাধে ইসরায়েলে যাওয়া-আসা করত। সেই সুবাদে তারা ভালো হিব্রু বলত। তবে এখন পরিস্থিতি ভিন্ন। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন গাজাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। কাজেই গাজা থেকে ইসরায়েলে যাওয়ার প্রধান সীমান্তপথ ইরেজে কড়াকড়ি আরোপ করেছে তেল আবিব। আর নিরাপত্তাজনিত কারণে খুব কমসংখ্যক ফিলিস্তিনিকেই ইসরায়েলে ঢোকার অনুমতি দেওয়া হয়।তবে, ইসরায়েলের মানবাধিকার সংগঠন গিশা প্রতিদিন ইসরায়েলে প্রবেশের ক্ষেত্রে গাজার মানুষকে অধিকতর সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছে। আর এ ধরনের সুবিধা পাওয়ার জন্য গাজার মানুষ হিব্রু শিখছে কি না, সেটা পরিষ্কার নয়। বিবিসি।