‘শরিয়া প্রতিষ্ঠার আগ পর্যন্ত হামলা চালাবে বোকো হারাম’
নাইজেরিয়ায় শরিয়া আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে বোকো হারাম। এই ইসলামী জঙ্গি সংগঠনের জ্যেষ্ঠ নেতা আবু কাকা এ কথা বলেছেন বলে গতকাল শনিবার খবর দিয়েছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান। বোকো হারামের হামলায় দেশটিতে এ পর্যন্ত শত শত লোক নিহত হয়েছে।গার্ডিয়ান-এর খবর অনুযায়ী, বোকো হারামের মুখপাত্র আবু কাকা বলেন, ‘সরকারকে নতজানু হতে বাধ্য করার পর আমরা আলোচনার বিষয়টি বিবেচনা করব। যখন দেখব সবকিছু আল্লাহর হুকুম মোতাবেক হচ্ছে এবং আমাদের কারাবন্দী সদস্যদের ছেড়ে দেওয়া হয়েছে—তখনই আমরা অস্ত্র সরিয়ে রাখব। তবে অস্ত্র ত্যাগ করব না। কারণ ইসলামের বিধান অনুসারে অস্ত্র ত্যাগ করা যায় না, তা কেবল সরিয়ে রাখা যায়।’গত শুক্রবারও কানো শহরে বোকো হারামের ধারাবাহিক হামলায় ১৮৬ জন নিহত হয়। বোকো হারামের সদস্যরা আল-কায়েদার আধ্যাত্মিক অনুসারী উল্লেখ করে কাকা বলেন, সৌদি আরব সফরের সময় তাঁরা আল-কায়েদা নেটওয়ার্কের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।নাইজেরিয়ার প্রতিবেশী শাদ, ক্যামেরুন ও নাইজারের নাগরিকেরাও বোকো হারামের সদস্যপদ গ্রহণ করছে বলে জানান কাকা। তিনি বলেন, তাঁদের কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্রে নাইজেরিয়ার মোট জনসংখ্যার অর্ধেক সাত কোটি খ্রিষ্টানের অধিকার ‘রক্ষা করা হবে’।আবু কাকা বলেন, ‘প্রত্যেককে শরিয়া আইন মেনে চলতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না। আপনি যদি মুসলিম হন এবং শরিয়া আইন মেনে না চলেন, তবে আমরা আপনাকে হত্যা করব। যদি আমার নিজের বাবাও আইন না মানেন, তাঁকে হত্যা করা হবে।’নাইজেরিয়ার হাউসা জাতির ভাষায় বোকো হারাম অর্থ হচ্ছে ‘পাশ্চাত্যের শিক্ষা গ্রহণ পাপ।’ রয়টার্স।