‘শহরজুড়ে ছড়িয়ে ছিল শুধু লাশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিরোশিমা দিবসের ৬৫তম বার্ষিকী আজ ৬ আগস্ট। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ধাপে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দুটি আণবিক বোমা হামলা চালায়। জাপানের ৬৭টি শহরে ছয় মাস ব্যাপক কৌশলগত হামলা চালানোর পর এই দিনে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট হেনরি এস ট্রুম্যানের নির্দেশে হিরোশিমায় ‘লিটলবয়’ নামে একটি পারমাণবিক বোমার হামলা চালানো হয়। এর ধারাবাহিকতায় ৯ আগস্ট নাগাসাকিতে নিক্ষেপ করা হয় দ্বিতীয় বোমা ‘ফ্যাটম্যান’। ওই দুটি হামলায় প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়। হিরোশিমা বার্ষিকী উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিহত ব্যক্তিদের স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে গত মঙ্গলবার জাপান পৌঁছেছেন। এ ছাড়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের প্রতিনিধিরাও প্রথমবারের মতো অংশ নেবেন। সামরিক গুরুত্ব বিবেচনা করে এবং জাপানের দ্বিতীয় সেনা সদর হিসেবে ওই হামলার জন্য হিরোশিমাকে বেছে নেয় যুক্তরাষ্ট্র। দুটি আণবিক বোমা হামলা চালানোর দুই থেকে চার মাসের মধ্যে হিরোশিমায় এক লাখ ৬৭ হাজার এবং নাগাসাকিতে ৮০ হাজার মানুষের মৃত্যু হয়। বোমা হামলা চালানোর ছয় দিন পর ১৫ আগস্ট মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে জাপান। ২ সেপ্টেম্বর অস্ত্র সমর্পণ চুক্তি করে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কার্যত শেষ হয়। হিরোশিমায় বোমা হামলা চালানোর তিন দিন পর ছয় বছর বয়সী কাজুকো উরাগাসিরা ও তার বাবা-মাকে ট্রেনে করে নিজ শহর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। উরাগাসিরার বয়স এখন ৭১। স্মৃতি হাতড়ে যতটুকু মনে পড়ছে, সেটুকুই তিনি জানিয়েছেন এএফপির কাছে। তিনি বলেন, ‘আমার এখনো মনে আছে ট্রেনের যাত্রীদের মধ্যে পুড়ে কালচে হওয়া অনেককে দেখেছি, যারা পানির জন্য হাহাকার করছিল। ওই মর্মান্তিক স্মৃতি কোনো দিন ভুলতে পারব না।’ সেদিনের সেই মর্মন্তুদ ঘটনায় বেঁচে যাওয়া ৮০ বছরের বৃদ্ধা মিসাকো কাতানি বলেন, ‘শহর জুড়ে ছড়িয়ে ছিল শুধু লাশ। চারদিকে শুধুই ধ্বংসস্তুপ।’৬৫তম হিরোশিমা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এবারই প্রথম জাতিসংঘের প্রথম কোনো মহাসচিব হিসেবে বান কি মুন জাপান গেছেন। তিনি থাকছেন হিরোশিমা স্মরণ অনুষ্ঠানে। এ ছাড়া থাকছেন যুক্তরাষ্ট্রের একজন দূত। বিশ্বব্যাপী পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দূত পাঠানোর এই উদ্যোগ নেন। অনুষ্ঠানে এবারই প্রথম ব্রিটেন ও ফ্রান্সের প্রতিনিধিরাও যোগ দেওয়ার কথা।জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত বুধবার টোকিওতে ছাত্রদের এক সমাবেশে পরমাণুমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বের সব দেশ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর না করা পর্যন্ত পরমাণুমুক্ত বিশ্ব গড়ার কোনো আহ্বানই কাজে আসবে না। উইকিপিডিয়া/এএফপি।