‘শান্তি আলোচনার প্রস্তাব গ্রহণে ব্যর্থ আসাদের সরকার’
সিরিয়ার সরকারবিরোধী নেতা মোয়াজ আল-খতিব বলেছেন, শান্তি আলোচনার প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছে সরকার। এর মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে ‘খুবই নেতিবাচক’ বার্তা পৌঁছে গেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে এ কথা বলেন আল-খতিব। তিনি বলেন, সিরিয়ায় দুই বছর ধরে চলা সংঘাত বন্ধে আলোচনায় বসার সুযোগ হারাল সরকার। গত মাসে আল-খতিব জানিয়েছিলেন, চলমান সংকট নিরসনে শর্ত সাপেক্ষে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন তিনি। আল-খতিব বলেছেন, সিরিয়ায় সরকারবিরোধীদের জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে চায়। তাঁর এই আহ্বানে জোটের অনেকে সমালোচনা করেন। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল আসাদবিরোধী লড়াইয়ে অন্তত ৬০ হাজার মানুষ নিহত হয়েছে।স্থানীয় সমন্বয় কমিটি জানিয়েছে, বাশারের অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই অব্যাহত আছে। গত রোববার সারা দেশে অন্তত ৭৭ জন নিহত হয়।জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমির সঙ্গে কায়রোতে বৈঠকের পর ওই বিবৃতি দেন আল-খতিব।অথচ গত শুক্রবার সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আল-জোহবি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছিলেন, বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে সরকার। বিবিসি।