'শান্তির নীড়' কুনুতে ম্যান্ডেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিটোরিয়ার ওয়াটারলুফ বিমানঘাঁটিতে গতকাল ম্যান্ডেলার কফিনের পাশে কান্নায় ভেঙে পড়েন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। পাশে ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল (বাঁয়ে) ও সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা।  ছবি: রয়টার্স
প্রিটোরিয়ার ওয়াটারলুফ বিমানঘাঁটিতে গতকাল ম্যান্ডেলার কফিনের পাশে কান্নায় ভেঙে পড়েন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। পাশে ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল (বাঁয়ে) ও সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা। ছবি: রয়টার্স

সবুজ ঘাসে মোড়া ঢেউখেলানো পাহাড়ি জমি, অবারিত প্রান্তর আর নীলচে কালো দিগন্তরেখাঘেরা কুনুর প্রাকৃতিক সৌন্দর্যে নেলসন ম্যান্ডেলা মুগ্ধ হয়েছিলেন শৈশবেই। এই গ্রামটিকে শৈশবের ‘শান্তির নীড়’ হিসেবে উল্লেখ করেছেন তিনি নিজের স্মৃতিকথায়। লড়াই-সংগ্রামে ভরা ৯৫ বছরের এক দীর্ঘ পথচলা শেষে আজ রোববার সেখানেই চিরবিশ্রামে শায়িত হচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই মহান নেতা। গতকাল শনিবার তাঁর মরদেহ পৌঁছেছে কুনুতে। এর আগে প্রিটোরিয়ায় শেষবিদায় জানিয়েছে ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)।

বিদায় ম্যান্ডেলা ১৯১৮-২০১৩
বিদায় ম্যান্ডেলা ১৯১৮-২০১৩

৬ ডিসেম্বর জোহানেসবার্গে শেষনিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ আফ্রিকার মানুষের প্রিয় ‘মাদিবা’। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার ১০ দিনের আনুষ্ঠানিকতার ঘোষণা দেয় সরকার। কুনুতে ম্যান্ডেলার নিজের খোসা গোত্রের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী তাঁকে সমাহিত করার মধ্য দিয়ে আজ সেই আনুষ্ঠানিকতার শেষ হচ্ছে।
প্রিটোরিয়া থেকে মরদেহ ইস্টার্ন কেপ প্রদেশের কুনুতে নেওয়ার আগে গতকাল বিমানবাহিনীর একটি ঘাঁটিতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে ক্ষমতাসীন দল এএনসি। ২৭ বছরের কারাবাস শেষে ১৯৯০ সালে মুক্তির পর ১৯৯১ সালে এই দলের প্রধান নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা।
প্রিটোরিয়ার বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএনসি নেতা ও দেশের প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এ ছাড়া ছিলেন ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল ও সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলাসহ এএনসির নেতা-কর্মীরা।
প্রিয় কমরেডকে বিদায় বলতে সবার চোখ ভিজে আসছিল। প্রেসিডেন্ট জুমা এ সময় বলেন, ‘আমরা তাঁকে খুবই অনুভব করব। তিনি ছিলেন আমাদের নেতা, আমাদের পিতা, আমাদের অভিভাবক এবং এত সব কিছুর চেয়েও বিশেষ কিছু। আজ আমরা সবাই বলতে চাই, ভালো থেকো তাতা (বাবা)।’
প্রিটোরিয়ার অনুষ্ঠান শেষে ম্যান্ডেলার মরদেহ সামরিক বিমানে করে নেওয়া হয় ইস্টার্ন কেপের এমথাথা বিমানবন্দরে। সেখান থেকে সামরিক বহরসহকারে মরদেহ নেওয়া হয় কুনু গ্রামে। খোসা সম্প্রদায়ের প্রথা অনুযায়ী গতকাল রাতভর সেখানে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলার কথা। এরপর আজ স্থানীয় সময় সকাল আটটা থেকে শুরু হবে অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ পর্ব। দুই ঘণ্টার এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় ৫০ হাজার মানুষ। ব্রিটিশ যুবরাজ চার্লসসহ বিদেশি অনেক অতিথিও থাকছেন সে অনুষ্ঠানে। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ম্যান্ডেলাকে সমাহিত করা হবে কুনু গ্রামের পারিবারিক কবরস্থানে। 
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের অন্ত্যেষ্টিক্রিয়ার সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয় গত মঙ্গলবার জোহানেসবার্গে। সেখানকার এফএনবি স্টেডিয়ামে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রায় ১০০টি দেশের সরকার, রাষ্ট্রপ্রধানসহ সারা বিশ্বের বহু বিশিষ্টজন। সাধারণ অনুরাগীরা তো ছিলেনই। প্রায় এক লাখ ধারণক্ষমতার স্টেডিয়ামটির প্রায় পুরোটা ভরে গিয়েছিল। এরপর ম্যান্ডেলার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার তাঁর মরদেহ রাখা হয় রাজধানী প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংয়ে। এএফপি ও রয়টার্স।