
আমার মা সেলিনা পারভীন ছিলেন স্বাধীনচেতা মানুষ। আজন্ম প্রতিকূল অবস্থার সঙ্গে মাকে সংগ্রাম করতে হয়েছে। কিশোর বয়স থেকেই মা কবিতা লিখতেন। আবৃত্তি, ছবি আঁকা, গান করা—অর্থাৎ শিল্পসাধনায় যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছিলেন তিনি।
মা রাজনীতি করতেন না। করতেন সাংবাদিকতা। ললনা কোনো রাজনৈতিক পত্রিকা ছিল না। নিজে বের করতেন শিলালিপি। বিখ্যাত লেখকদের পাশাপাশি তরুণ লেখকদেরও ঠাঁই দিতেন সে সাহিত্য পত্রিকায়।
আমি ছিলাম ছোট। আম্মা আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। ১৯৭১ সালের ৭ মার্চ আমাকে রেসকোর্স ময়দানে নিয়ে গিয়েছিলেন মনে পড়ে। বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলাম সেদিন। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে খালি পায়ে প্রভাতফেরিতে যেতাম।
মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর আমি ঘরে বন্দী হলাম। বাইরে কারফিউ, রাতে ব্ল্যাকআউট। রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আর বিবিসি শুনতাম। আম্মা তখন অফিস করা প্রায় ছেড়েই দিয়েছিলেন। জমানো টাকা তখন শেষের দিকে। পত্রিকা বের করতে হলে সামরিক বিভাগের অনুমতি নিতে হয়। সেটাতেই সর্বনাশ হলো। রাও ফরমান আলীর কাছে গেলেন আম্মা। নানা ছুতায় তিনি আম্মাকে ঘোরাতে লাগলেন। হাশেম খান শিলালিপির প্রচ্ছদ করেছিলেন, তাঁরা বললেন সেটা বদলাতে। শিলালিপির আগের সংখ্যাগুলোর লেখকদের নাম দেখে তাঁরা ক্রুদ্ধ হলেন। আম্মাকে বাঁচিয়ে রাখা নিরাপদ মনে করলেন না তাঁরা।
আমার মা স্বপ্ন দেখেছিলেন, আত্মবিশ্বাসী হয়ে একটি স্বাধীন দেশে স্বাধীন পরিচয়ে বেঁচে থাকবেন। কিন্তু ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর বন্দুক তাক করে ওরা আম্মাকে নিয়ে যায়। আমাকে কিছুই জানানো হয়নি। ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে আমাকে বলা হয়, আম্মা আর নেই। পরে জেনেছি, রায়েরবাজার বধ্যভূমিতে আম্মার লাশ পাওয়া গিয়েছিল।
মো. সুমন জাহিদ: শহীদ সেলিনা পারভীনের ছেলে