‘শিয়াদের সঙ্গে সৌদি সরকারের সম্পর্কের অবনতি হতে পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের শিয়া সম্প্রদায়ের নেতারা গতকাল বুধবার বলেছেন, সৌদি গোয়েন্দা সংস্থার হাতে আটক ১৬ জন শিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হলে সরকারের সঙ্গে তাঁদের সম্পর্কের আরও অবনতি হতে পারে। এরই মধ্যে সৌদি সরকারের সঙ্গে শিয়াদের টানাপোড়েনের সৃষ্টি হয়েছে।এর আগে সৌদি সরকার দেশটির পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ কাতিফে অস্থিরতা সৃষ্টির জন্য আকার-ইঙ্গিতে শিয়া-অধ্যুষিত ইরানকে দায়ী করেছে। তবে স্থানীয় শিয়া কর্মীরা এই অভিযোগ অস্বীকার করেন। গত দুই বছরে কাতিফে সহিংসতায় শিয়া সম্প্রদায়ের ১৬ জনের মৃত্যু হয়েছে।শিয়া কর্মীরা বলেছেন, গত চার দিনে সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে কয়েকজন শিয়াকে আটক করা হয়েছে এবং পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে যোগাযোগও করতে পারছেন না।গত মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের গোয়েন্দা সংস্থা ১৮ জনকে আটক করেছে। এর মধ্যে একজন ইরানি, একজন লেবাননি এবং বাকি ১৬ জন সৌদি আরবের। রয়টার্স।