‘শেষ পর্যন্ত লড়বেন আসাদ’
ক্রমাগত সহিংসতায় সিরিয়ার সার্বিক পরিস্থিতি বিপর্যয়ের মুখে। সামরিক বাহিনী বিরূপ পরিস্থিতির মুখোমুখি। সরকারও কোণঠাসা। তবে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মোটেও বিচলিত বা অনুতপ্ত নন। সবকিছু উপেক্ষা করে এখনো তিনি ক্ষমতাকে পাকাপোক্ত করতেই মরিয়া। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে সিরিয়ার এমন দৃশ্যই ভেসে উঠেছে।সম্প্রতি সানডে টাইমস-এর সাংবাদিক হালা জাবের আসাদের একটি সাক্ষাৎকার নিয়েছেন। জাবের বলেন, ‘সাক্ষাৎকার নেওয়ার সময় বাশারকে খুব শান্ত ও দৃঢ়প্রতিজ্ঞ মনে হয়েছে। আর তিনি পদত্যাগ করবেন—এ ধরনের কোনো আভাসও দেননি।’সড়ক দুর্ঘটনায় বাশারের বড় ভাই বাসেলের মৃত্যু হয়। সেই সুবাদে বাবা হাফিজ আল-আসাদের একমাত্র উত্তরাধিকারী হন বাশার এবং হাফিজের মৃত্যুর পর ২০০২ সালে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হন। বর্তমান অস্থিরতার মধ্যেও তিনি ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে চান।এদিকে সিরিয়ায় আসাদবিরোধী বিক্ষোভ-সংঘর্ষের প্রায় দুই বছর হলো। এর আগে আসাদকে দ্বিধাবিভক্ত, ক্লান্ত, মুষড়ে পড়তে দেখা গেছে। তবে পরিস্থিতি এখন ভিন্ন। আগের সংস্কারবাদী ও উদার দৃষ্টিভঙ্গির আসাদ এখন খুবই নির্দয়। সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা দারা প্রদেশে শিশুদের ওপর যে দমন-পীড়ন চালিয়েছেন, সে বিষয়ে নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। আন্দোলনের শুরুর দিকে বিদ্রোহীরা সরকারের সংস্কারের দাবি জানিয়েছিল। তবে সরকারি দমন-পীড়নের কারণে শান্তিপূর্ণ আন্দোলন আসাদের পতন আন্দোলনে পরিণত হয়। বিদ্রোহীদের কাছে আসাদ ঘৃণার পাত্রে পরিণত হন। অবশ্য জনগণের একাংশ এখনো আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে।নেদারল্যান্ডসের কূটনীতিক নিকোলাও ফন ড্যাম বলেন, ‘আসাদ এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিধর মনে করছেন। তবে তিনি সামরিক বাহিনী ও নিজের অনুগত লোকদের ছাড়া কিছুই করতে পারবেন না। আর প্রয়োজনে তিনি শেষনিঃশ্বাস থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।’ এএফপি।