'শ্বেতাঙ্গ নাতনির' চোখে ম্যান্ডেলা

‘আপনি যে কারও সঙ্গে এত সময় কাটান...প্রায় ১৬ বছর, প্রতিদিন পরস্পরকে দেখছেন, সব সময় টেলিফোনে আছেন...এটা অত্যন্ত আবেগের বিষয়...তাঁকে আমি দাদার মতো অনুভব করতাম।’ আবেগাপ্লুত কণ্ঠে কথাগুলো বলছিলেন জেলিন্ডা।
ম্যান্ডেলার জীবনের শেষ ১৬ বছর তাঁর সেবা করেছেন শ্বেতাঙ্গ নারী জেলডা লা গ্রেঞ্জ। তাঁকে জেলিন্ডা বলেই ডাকতেন ম্যান্ডেলা। ব্রিটিশ দৈনিক অবজারভারকে দেওয়া সাক্ষাৎকারে কিংবদন্তি এই নেতার স্মৃতিচারণা করেন জেলিন্ডা।
ম্যান্ডেলাকে অসাধারণ মনিব উল্লেখ করে জেলিন্ডা বলেন, ‘অবিশ্বাস্য ব্যক্তিত্ব ছিলেন তিনি। আমার সংকট শুরু হলো, এখন আমি এমন মনিব কোথায় পাব?’
নিজের নাম পাল্টে দেওয়ার গল্পও শোনালেন জেলিন্ডা। ম্যান্ডেলা ১৯৯৯ সালে রাষ্ট্রীয় সফরে রাশিয়া থেকে ফেরার পর তাঁর জেলডা লা গ্রেঞ্জ নাম বাদ দিয়ে ডাক নাম দেন জেলিন্ডা। সাবেক রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিনের স্ত্রীর নাম ইয়েলেৎসিনা জানার পর জেলডার নাম বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জেলিন্ডা বলেন, ‘তাঁর প্রতি আমি কখনোই অসন্তুষ্ট হতে পারিনি। তার মানে এই নয়, কোনো বিষয়ে তাঁকে বোঝানো খুব সহজ কাজ ছিল। বরং কোনো কাজ করতে মনস্থির করলে তা করেই ছাড়তেন তিনি। তবে খুব সেজাসাপ্টা মানুষ ছিলেন।’ বিশ্বনেতাদের মধ্যে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে খুব পছন্দ করতেন ম্যান্ডেলা। জেলিন্ডা জানান, ক্লিনটনের বাইরে ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকও পছন্দের তালিকায় ছিলেন।
ম্যান্ডেলার জন্য কাজ করতে গিয়ে বিয়ে করেননি জেলিন্ডা (৪৩)। তিনি বলেন, ‘মাদিবার জন্য কাজের প্রতি মনোযোগী ছিলাম, বিয়ে-সন্তানের কথা ভাবার সুযোগ হয়নি।’
১৯৯৪ সালে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রেসিডেনশিয়াল টাইপিং পুলে মুদ্রাক্ষরিক হিসেবে যোগ দেন জেলিন্ডা। কিছুদিনের মধ্যেই প্রেসিডেন্টের আস্থা অর্জন করেন তিনি। পরের বছর ম্যান্ডেলার সফরসঙ্গী হিসেবে জাপান সফর করেন তিনি। ধীরে ধীরে ম্যান্ডেলার ডান হাত হয়ে ওঠেন। আর পরিচিত হয়ে ওঠেন ম্যান্ডেলার ‘শ্বেতাঙ্গ নাতনি’ হিসেবে। অবজারভার।