ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের নিরস্ত্র করতে রাশিয়া যে আন্তরিক, তা প্রমাণ করার জন্য ক্রেমলিনের হাতে আর মাত্র কয়েক ঘণ্টা সময় আছে বলে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র৷
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ইউক্রেনের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের আগে ক্রেমলিনকে এভাবে সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ খবর এএফপির৷
ইইউর চুক্তিতে আজ শুক্রবার চূড়ান্ত স্বাক্ষর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো৷ এ চুক্তির ফলে ইউক্রেন একপর্যায়ে ইইউর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবে এবং দেশটি রাশিয়ার প্রভাব বা নাগালের বাইরে চলে যাবে৷
ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের রাশিয়া মদদ দিচ্ছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো৷ সেখান থেকে হাত গুটিয়ে নিতে তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ দিয়ে আসছেন৷ তবে পুতিন দাবি করেছেন, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের ওপর মস্কোর কোনো নিয়ন্ত্রণ নেই৷
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বুধবার সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহ বন্ধ না করলে শিগগিরই রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে৷
আর গতকাল ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফেবিয়াসের সঙ্গে প্যারিসে আলোচনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, ‘আমরা একমত, আর কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়াকে এটা দেখাতে হবে, বিচ্ছিন্নতাবাদীদের নিরস্ত্র করতে তারা পদক্ষেপ নিচ্ছে, অস্ত্র ত্যাগ করতে তাদের উৎসাহিত করছে এবং বৈধ প্রক্রিয়ায় শামিল হওয়ার কাজ শুরু করেছে৷’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ইউক্রেনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় ইইউ নেতারা রাশিয়ার ওপর অবরোধ আরোপের বিষয়টি নিয়েও আলোচনা করবেন৷
ইইউর সঙ্গে চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর গত নভেম্বরে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনের মুখে গত ফেব্রুয়ারিতে ক্ষমতা ছেড়ে রাশিয়ায় চলে যান তিনি। এর পরই ইউক্রেনে বড় ধরনের সংকট শুরু হয়। একপর্যায়ে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নিলে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।
পশ্চিমারা এবার যে ধরনের শাস্তিমূলক পদক্ষেপের চিন্তা করছে তার আওতায় পড়তে পারে রাশিয়ার আর্থিক ও প্রতিরক্ষা খাত৷ মার্কিন গণমাধ্যম জানায়, রাশিয়ার প্রযুক্তিপণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে৷