অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উলফগ্যাং সোবোৎকা বলেছেন, রাজধানী ভিয়েনা থেকে তাঁরা হামলার পরিকল্পনাকারী ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছেন। এর ফলে ভিয়েনায় একটি সম্ভাব্য হামলা ঠেকিয়ে দেওয়া গেছে। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অভিবাসনসূত্রে সে দেশের নাগরিকত্ব পাওয়া ওই তরুণের ‘জঙ্গিবাদী উদ্দেশ্য’ ছিল। কয়েক দিন ধরে তাঁর ওপর নজর রাখা হচ্ছিল। তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে হামলার পরিকল্পনায় ছিলেন। শুক্রবার রাত ১১টার দিকে তাঁকে একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়। অস্ট্রিয়ার সংবাদপত্র ক্রোনিতে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, আলবেনীয় বংশোদ্ভূত একটি সন্ত্রাসী চক্র চলতি মাসে ভিয়েনায় হামলার চেষ্টা চালিয়েছিল। প্যারিস হামলার সঙ্গে জড়িত অভিযোগে গত বছর অস্ট্রিয়া থেকে দুজনকে আটক করে ফ্রান্সের হাতে তুলে দেওয়া হয়। এর আগে ২০১৫ সালে অস্ট্রিয়ায় আরেক ব্যক্তি সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত হয়েছিলেন।
বিবিসি