'সব বোমার মা' নামে ক্ষুব্ধ পোপ ফ্রান্সিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সেনাবাহিনীর এযাবৎকালের মধ্যে ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমাকে ‘সব বোমার মা’ নাম দেওয়ায় সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা ইতালির ভ্যাটিকান সিটিতে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ‘বোমার নামটি শুনলে আমি লজ্জিত হই।’
মার্কিন সেনাবাহিনী গত ১৩ এপ্রিল আফগানিস্তানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সুড়ঙ্গ ধ্বংস করতে জিবিইউ-৪৩ নামের ২১ হাজার ৬০০ পাউন্ড ওজনের এক বিশাল বোমা ফাটায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে এ বোমা পরিচিত ‘মাদার অব অল বম্বস’ বা ‘সব বোমার মা’ নামে।
পোপ ফ্রান্সিস প্রশ্ন রেখে বলেন, ‘মা জীবন দান করে, আর এটি মৃত্যু। সেই বোমাকে আমরা বলছি মা। হচ্ছেটা কী?’
১৩ এপ্রিলের ওই বোমা হামলার ঘটনায় ৯৪ আইএস সদস্যের প্রাণহানি হয় বলে আফগানিস্তান জানায়। যুক্তরাষ্ট্র ২০০৩ সালে প্রথম এই বোমার পরীক্ষা চালায়, কিন্তু যুদ্ধের ময়দানে প্রয়োগ ছিল এটিই প্রথম।