‘সবকিছুই ঢাকা পড়েছে অনিশ্চয়তার মেঘে’
আলোকচিত্রী এলিনার ফারসাখের বাবা ফিলিস্তিনি এবং মা মার্কিন নাগরিক। সেই সূত্রে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন দুই দেশে ভাগাভাগি করে। বছর পাঁচেক আগে তিনি সিদ্ধান্ত নেন বাবার দেশ ফিলিস্তিনের পশ্চিম তীরের বীর জেইত শহরে স্থায়ীভাবে বসবাস করবেন। কিন্তু বাদ সাধে ইসরায়েলি কর্তৃপক্ষ।ফিলিস্তিনে স্থায়ী হওয়ার বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত ফারসাখ এখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করছেন বাবা-মায়ের সঙ্গে। মাঝেমধ্যে পর্যটন ভিসায় ফিলিস্তিনে যান।ওয়াশিংটনে জেরুজালেম ফান্ডে সম্প্রতি আয়োজন করা হয় ফারসাখের আলোকচিত্র প্রদর্শনীর। প্রদর্শনীর শিরোনাম ছিল ‘প্যালেস্টাইন মিনওয়াইল...’। তাঁর তোলা ছবিগুলোতে ফুটে উঠেছে ফিলিস্তিনি জনগণের দুর্বিষহ প্রাত্যহিক জীবনের বিভিন্ন খণ্ডচিত্র। আর বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব নিয়ে টানাপোড়েনের কারণে ফারসাখ আরও ভালোভাবে বুঝতে পেরেছেন ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি।সম্প্রতি আরব নিউজ ডটকমকে এক সাক্ষাৎকারে ফারসাখ বলেন, অন্য সব দেশের মতো ফিলিস্তিনেও মানুষের জীবনে সবকিছু আছে—আয়-উপার্জনের চেষ্টা, প্রেম-ভালোবাসা, পরিবার প্রতিপালন—সবকিছুই। তবে ফিলিস্তিনিদের জন্য আছে একটি বাড়তি বোঝা—দখলদারি। জীবনের প্রতিটি ক্ষেত্রকেই বাধাগ্রস্ত করছে এটি।এলিনার ফারসাখ বলেন, ‘চলাফেরার ওপর ইসরায়েলের আরোপিত বাধানিষেধ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অনেকেই পরিবার-পরিজন ছেড়ে আলাদা থাকতে বাধ্য হচ্ছে। এতে তাঁদের কাজের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি প্রিয়জনদেরও যথেষ্ট সময় দিতে পারছেন না।’ তিনি আরও বলেন, ‘আপনাকে সব সময় ইসরায়েলি সেনাদের মর্জির ওপর নির্ভর করে চলতে হবে। তারা চাইলে আপনাকে যেকোনো জায়গায় আটকে দিতে পারে।’‘কী ভয়াবহতার মধ্যে ফিলিস্তিনিদের দিন কাটছে এবং তাদের নিরাপত্তাহীনতা বাইরের কারও পক্ষে অনুধাবন করা কঠিন।’ বলেন ফারসাখ। তিনি আরও বলেন, ‘সবার সবকিছুই ঢাকা অনিশ্চয়তার মেঘে। একটা দিন ঠিকঠাক পরিকল্পনামতো যাবে এমন আশা কেউ করতে পারে না। সে সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা আপনি বাস করছেন সামরিক দখলদারির মধ্যে। এটা খুবই দুঃখজনক।’ফারসাখ জানান, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যেকোনো কর্মকাণ্ড মার্কিন প্রশাসন নির্দ্বিধায় সমর্থন করে যাবে এটা দেখাও তাঁর জন্য কষ্টের।তিনি বলেন, ‘আমার বাবা জন্মসূত্রে ফিলিস্তিনি এবং পরে মার্কিন নাগরিকত্ব পান। আমার মা মার্কিন নাগরিক এবং তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ছিলেন। জন্মসূত্রে আমি নিজে মার্কিন নাগরিক এবং আমেরিকাকে আমি ভালোবাসি। কিন্তু আমার জন্য এটা খুবই বেদনাদায়ক যে মার্কিন পররাষ্ট্রনীতি আমার পরিবার এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য যথেষ্ট ক্ষতিকর।’এবার হতাশার সঙ্গে ফারসাখ বলেন, ‘মার্কিন সরকার সব সময় এটা প্রমাণ করার চেষ্টা করে যে সব ক্ষেত্রেই ইসরায়েলিদের তুলনায় ফিলিস্তিনিরাই বেশি দোষী।’ দৃষ্টান্ত হিসেবে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়টি উল্লেখ করেন তিনি। বলেন, ইসরায়েলি সরকার কয়েক দশক ধরে ফিলিস্তিনি ভূমিতে অবৈধভাবে বসতি স্থাপন করে যাচ্ছে। এটা পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।পশ্চিমা গণমাধ্যমে ফিলিস্তিন-ইসরায়েলের বিষয় একপেশেভাবে উপস্থাপন করা হয় বলে অভিযোগ করেন ফারসাখ। তিনি বলেন, ‘আমি মনে করি আমেরিকানরা জানে তাদের কাছে সবকিছু বলা হচ্ছে না। তাদের একতরফা বোঝানো হচ্ছে, যা সব সময় ইসরায়েলের পক্ষে।’‘ফিলিস্তিনিরা আসলে কী অবস্থায় আছে তা তুলে ধরাই আমার ছবিগুলো প্রদর্শনের প্রধান উদ্দেশ্য।’ বলেন ফারসাখ। এএফপি।