'সবচেয়ে বড় সৌরজগৎ'
জ্যোতির্বিজ্ঞানীরা একটি সৌরজগতের খোঁজ পেয়েছেন। তাঁদের দাবি, এটিই এযাবৎকালের সবচেয়ে বড় সৌরজগৎ। সেখানকার একটি সুবিশাল গ্রহ তার নক্ষত্রকে প্রদক্ষিণ করতে প্রায় ১০ লাখ বছর সময় নেয়। খবর বিবিসির।
গ্যাসে পরিপূর্ণ সুবিশাল ওই গ্রহের অবস্থান পৃথিবী থেকে এক লাখ কোটি কিলোমিটার দূরে। আর গ্রহটির কক্ষপথ আমাদের সৌরজগতে প্লুটোর কক্ষপথের চেয়ে ১৪০ গুণ বেশি প্রশস্ত। রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাময়িকী মান্থলি নোটিশেস জানায়, গ্রহটির নাম টু মাস জে২১২৬-৮১৪০, ভর বৃহস্পতির চেয়ে প্রায় ১২ থেকে ১৫ গুণের মতো।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) জ্যোতির্বিদ সাইমন মার্ফি বলেন, কোনো নক্ষত্রের চেয়ে এত বেশি দূরে এ রকম কম ভরের গ্রহের খোঁজ পেয়ে তাঁরা বিস্মিত হয়েছেন।
পৃথিবীর কাছাকাছি এলাকায় তুলনামূলক কম বয়সী বিভিন্ন নক্ষত্র এবং বস্তুর পর্যবেক্ষণের সময় ওই গ্রহ-নক্ষত্র যুগল শনাক্ত করেন জ্যোতির্বিজ্ঞানীরা।