‘সরে দাঁড়ালেন’ আরও দুই কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাপরিচালক ও প্রধান সম্পাদক জর্জ এনটুইসেলের পদত্যাগের পর বিবিসির বার্তা বিভাগের পরিচালক হেলেন বোয়াডেন ও একই বিভাগের উপপরিচালক স্টিফেন মিচেল ‘সরে দাঁড়িয়েছেন’ বলে খবর বেরিয়েছে। বিবিসি নিউজ চ্যানেল ও স্কাই নিউজ টেলিভিশন এ খবর দিয়েছে। তবে বিবিসির প্রেস কার্যালয় এ ব্যাপারে কিছু বলেনি।গত সপ্তাহে বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে ওয়েলসের একটি শিশুসদনে যৌন হয়রানির ঘটনায় যুক্তরাজ্যের রক্ষণশীল টোরি দলের সাবেক নেতা লর্ড ম্যাকআলপাইনকে ভুলভাবে জড়ানোর জের ধরে গত শনিবার পদত্যাগ করেন এনটুইসেল। এরপর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন টিম ডেভি। বিবিসি নিউজ চ্যানেল জানায়, সাবেক তারকা উপস্থাপক জিমি সেভিলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে তৈরি করা প্রতিবেদনটি প্রকাশ না করার ঘটনায় যে তদন্ত চলছে, সেই তদন্তের দায়দায়িত্ব ছেড়ে দিতে বলা হয়েছে হেলেন বোয়াডেন ও স্টিফেন মিচেলকে। অভিযোগ আছে, সেভিলকে নিয়ে নিউজনাইটের করা প্রতিবেদনটি গত বছর ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়। মূলত সেভিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছিল, সেটির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এটি বাতিল করা হয়। ২০১১ সালের অক্টোবরে মারা যান সেভিল।বর্তমানে সেই প্রতিবেদন আটকে দেওয়ার ঘটনার তদন্ত চলছে। তদন্ত দলের নেতৃত্বে রয়েছেন বিবিসির প্রতিদ্বন্দ্বী স্কাই নিউজের সাবেক প্রধান নিক পোলার্ড। এনটুইসেলের বেতন নিয়ে সমালোচনা: এনটুইসেলের বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছিল সাড়ে চার লাখ পাউন্ড। মাত্র ৫৪ দিন দায়িত্ব পালন করলেও তাঁকে পূর্ণ এক বছরের বেতনই পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাজ্যের আইনপ্রণেতারা। বিবিসি।