'সহজ সংস্কারের দিন শেষ, কঠিন সংস্কারের দিন শুরু'

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল শুক্রবার ‘অধিকতর কঠিন’ সংস্কারকাজে হাত দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ভর্তুকি কমানো, বিমা ও অবসর ভাতা সংস্কার, আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্যের অবসান এবং পণ্য ও সেবা কর বাস্তবায়নের মতো সংস্কারকাজের জন্য রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি ডলারের বিপরীতে ভারতের মুদ্রা রুপির দাম রেকর্ড মাত্রায় পড়ে যাওয়ায় আরও বেশি মূল্যস্ফীতির মুখোমুখি হতে হবে বলেও জাতিকে সতর্ক করে দিয়েছেন মনমোহন। তবে তিনি এই বলে আশ্বস্ত করেছেন যে, চলতি অর্থবছরের শেষের ছয় মাসে দেশের অর্থনীতি চাঙা হতে পারে। মনমোহন সিং গতকাল পার্লামেন্টের উভয় কক্ষে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘অতীতের সহজ সংস্কারের কাজগুলো শেষ করা হয়েছে। আমাদের এখন অধিকতর কঠিন সংস্কারকাজ করতে হবে...এগুলো সহজ কাজ নয়। এ জন্য রাজনৈতিক ঐকমত্য দরকার।’ সময়ের দাবির সঙ্গে তাল মেলাতে সব রাজনৈতিক দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে মনমোহন বলেছেন, অনেক প্রয়োজনীয় আইনই রাজনৈতিক ঐকমত্যের অভাবে থেমে আছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য সংস্কারগুলো বাস্তবায়নে রাজ্যগুলোকে একটি সমঝোতায় আসতে হবে। তিনি বলেন, ‘অর্থনীতিকে স্থিতিশীল প্রবৃদ্ধির পথে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টায় যুক্ত হতে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।’ তবে প্রধানমন্ত্রীর এই বিবৃতির পর বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা থেকে ওয়াকআউট করে। বিবৃতি দেওয়ার পরপরই মনমোহন সিংয়ের পার্লামেন্ট থেকে চলে যাওয়ার প্রতিবাদে এই ওয়াকআউট করা হয়। ভারতের মুদ্রা রুপির মূল্য ব্যাপকভাবে কমে যাওয়ার প্রেক্ষাপটে মূলধন নিয়ন্ত্রণ বা সংস্কারে রদবদল আনার বিষয়টি খারিজ করে দিয়ে মনমোহন বলেছেন, রুপির মূল্য হঠাৎ পড়ে যাওয়ার বিষয়টি একটা বড় ধাক্কা হলেও সরকার বেশ কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। টাইমস অব ইন্ডিয়া ও এএফপি।