‘সহিংসতার জন্য পুলিশ ও রামদেব উভয়ই দায়ী’
ভারতের নয়াদিল্লির রামলীলা ময়দানে গত জুনে দুর্নীতিবিরোধী বিক্ষোভের সময় যোগগুরু রামদেবের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় রামদেব ও পুলিশ উভয়কেই দায়ী করেছেন সুপ্রিম কোর্ট।গতকাল বৃহস্পতিবার আদালত বলেন, সহিংসতা এড়ানোর দায়িত্ব ছিল কর্তৃপক্ষের। কিন্তু পুলিশ ও রামদেব উভয়েই দায়িত্বহীন আচরণ করেছিলেন।বিচারপতি বি এস চৌহান ও বিচারপতি স্বতনতর কুমারের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেন, ‘দিল্লি পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করেছে এবং মানুষের মৌলিক অধিকারের ওপর হস্তক্ষেপ করেছে।’আদালত আরও বলেন, ‘এ ঘটনা থেকে মনে হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রদর্শন করা হয়েছে এবং এতে করে গণতন্ত্রের ভিত্তিতে আঘাত লেগেছে। শাসক ও শাসিতের মধ্যে আস্থাহীনতার এটি একটি চরম দৃষ্টান্ত।’ঘটনার দিন পুলিশের যেসব সদস্য লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়েছিলেন, তাঁদের বিরুদ্ধে মামলা করার জন্য দিল্লি সরকার ও দিল্লি পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।ওই দিন আহত হয়ে পরে মারা যাওয়া এক নারীর পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া গুরুতর আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি এবং সামান্য আহত ব্যক্তিদের ৩৫ হাজার রুপি করে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ হলো, মোট ক্ষতিপূরণের অর্থের ২৫ শতাংশ বাবা রামদেবকেই দিতে হবে বলে জানান আদালত। জি নিউজ।