'সাংবিধানিক সংকটে' পড়তে পারে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ড স্বাধীন হয়ে গেলে যুক্তরাজ্যে আগামী বছরের মে মাসে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের পর ‘সাংবিধানিক সংকট’ সৃষ্টি হতে পারে। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দি ইন্ডিপেনডেন্ট-এর জরিপে এ আশঙ্কার বিষয়টি উঠে এসেছে। খবর দি ইন্ডিপেনডেন্টের।
জরিপের ফলাফলে দেখা যায়, বর্তমানে বিরোধী দলের আসনে থাকা লেবার পার্টি আগামী পার্লামেন্ট নির্বাচনে জয়ী হবে। দলটি এককভাবে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতাও পাবে। এ জনমত এসেছে স্কটল্যান্ড যুক্তরাজ্যের সঙ্গে থাকছে, তা ধরে নিয়ে।
মনে করা হচ্ছে, ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য গণভোটে স্কটল্যান্ড যুক্তরাজ্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে ‘সাংবিধানিক সংকট’ সৃষ্টি হবে। কারণ, তখন লেবার পার্টি এককভাবে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সরকার গঠনে দলটির কমপক্ষে আরও তিনটি আসনের প্রয়োজন হবে। তখন ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে।
যুক্তরাজ্যের বর্তমান পার্লামেন্টে স্কটল্যান্ডের মোট ৫৯ আসনের মধ্যে লেবার পার্টির দখলে রয়েছে ৪১টি। জরিপে দেখা যায়, আগামী নির্বাচনে দলটি আরও পাঁচটি আসন পাবে। সব মিলিয়ে দাঁড়াবে ৪৬টিতে। কিন্তু স্কটল্যান্ড আলাদা হয়ে গেলে নতুন করে যে হিসাব দাঁড়াবে, তাতে করে যুক্তরাজ্যে আগামী নির্বাচনের পর নতুন সরকার গঠনের জন্য লেবার পার্টি প্রয়োজনীয় আসনের চেয়ে তিনটি আসন কম পাবে।
জরিপের ফলাফল বলছে, ওই নির্বাচনে লেবার পার্টি ৩৫ শতাংশ, কনজারভেটিভ পার্টি ৩১ শতাংশ, ইন্ডিপেনডেন্স পার্টি ১৩ শতাংশ এবং লিবারেল ডেমোক্র্যাটস ৯ শতাংশ ভোট পাবে।