‘সাম্প্রদায়িকতা দুর্নীতির চেয়ে বেশি বিপজ্জনক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত গান্ধীবাদী নেতা আন্না হাজারে প্রথম থেকেই বলে আসছেন, দুর্নীতির বিরুদ্ধে তাঁর আন্দোলনের সঙ্গে সাম্প্রদায়িকতা ও রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু এবার তাঁর নেতৃত্বাধীন ‘দুর্নীতির বিরুদ্ধে ভারত’ বা আইএসি বলেছে, দুর্নীতির চেয়ে সাম্প্রদায়িকতা ভারতের জন্য বড় হুমকি ও বিপজ্জনক।দুর্নীতিবিরোধী আন্দোলনকে পুরোপুরি অসাম্প্রদায়িক উল্লেখ করে আইএসির সদস্যদের জন্য তৈরি আচরণবিধিতে বলা হয়েছে, ‘দুর্নীতির চেয়ে সাম্প্রদায়িকতা বেশি বিপজ্জনক। সব ধর্ম ও বিশ্বাসের মানুষের সমন্বিত প্রচেষ্টা ছাড়া দেশের এই সমস্যার সমাধান সম্ভব নয়।’আন্নার সহযোগীরা তাঁদের আন্দোলনকে বরাবর অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক দাবি করে আসছেন। কিন্তু এই প্রথমবারের মতো আইএসি সরাসরি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলল।শক্তিশালী ও কার্যকর লোকপালের দাবিতে গত আগস্টে আন্না হাজারে যখন টানা ১২ দিন অনশন কর্মসূচি পালন করেন, তখন ক্ষমতাসীন দল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল অভিযোগ তুলেছিল, আন্নার আন্দোলনে সহযোগিতা করছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এ জন্য বিজেপি ও অন্য ধর্মীয় দলগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়টি পরিষ্কার করার জন্য আন্না ও তাঁর সহযোগীদের ব্যাখ্যা চাওয়া হয়েছিল।এই আচরণবিধির মাধ্যমে দুর্নীতিবিরোধী আন্দোলন নতুন অবস্থান নিল কি না, জানতে চাইলে টিম আন্নার কার্যনির্বাহী কমিটির সদস্য আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, ‘আসলে তা নয়। সাম্প্রদায়িকতাকে আমরা সব সময় বিভেদ সৃষ্টিকারী ও প্রতিবন্ধক হিসেবেই চিহ্নিত করে এসেছি।’এখন তাঁরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আলাদা আন্দোলন শুরু করবেন কি না, জানতে চাইলে প্রশান্ত ভূষণ বলেন, ‘আমাদের মতে, ধর্ম বা সাম্প্রদায়িক যেকোনো বিভক্তি দুর্নীতিবিরোধী আন্দোলন দুর্বল করবে। কাজেই এ ধরনের বিভক্তির বিরুদ্ধে আমরা একাত্ম থাকব।’আন্নার আরেক সহযোগী মনীষ সিশোডিয়া বলেন, ‘আন্নার আন্দোলন সব সময়ই অসাম্প্রদায়িক নীতিনির্ভর। কিন্তু দেশে এই আন্দোলন জোরাল হতে থাকায় উদ্দেশ্যমূলকভাবে একে খাটো করার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল।’গত মাসের প্রথম দিকে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের অনশন পালন করার পর থেকে আন্না ও তাঁর সহযোগীরা সাম্প্রদায়িকতার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। প্রশান্ত ভূষণসহ আন্নার অন্য সহযোগীরা দাবি তুলেছেন, মোদির অনশন কর্মসূচিতে কে বা কারা অর্থ জুগিয়েছে, তা পরিষ্কার করে জানাতে হবে মোদিকে। হিন্দুস্তান টাইমস।