‘সিপিএম পরিবারে বিয়ে নয়’
সিপিএমের নেতা-কর্মীদের পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে বারণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহবিষয়কমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত রোববার রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার সপ্তগ্রাম হাইস্কুল ময়দানে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক কর্মী সম্মেলনে তিনি ওই পরামর্শ দেন।হাবড়া আসনের বিধায়ক ও মন্ত্রী জ্যোতিপ্রিয় বলেন, ‘সিপিএমের নেতা বা কর্মীর পরিবারের সঙ্গে আপনারা কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন করবেন না। শুধু তাই নয়, সিপিএম নেতা-কর্মীরা কোনো চায়ের দোকানে বসলে আপনারা সেখানে বসবেন না। আবার আপনারা কোনো চায়ের দোকানে বসলে কোনো সিপিএমকর্মী ঢুকলে সেখান থেকে বেরিয়ে আসবেন।’ তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ‘আপনাদের কারোর আত্মীয় সিপিএম করলে তাদের সঙ্গেও যোগাযোগ রাখবেন না। সিপিএমকে এখনই সামাজিকভাবে বর্জন না করলেও মানসিক ও রাজনৈতিকভাবে বর্জন করুন।’ওই কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলার বারাসাত আসনের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, হাবড়া পৌরসভার চেয়ারম্যান তপতী দত্ত, হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন প্রমুখ।