‘সিরিয়ার শত্রুদের’ বৈঠক ব্যর্থ হয়েছে
‘ফ্রেন্ডস অব সিরিয়ার’ সম্মেলন ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা আল-বাথ। গতকাল সোমবার পত্রিকাটি ওই সম্মেলনকে ‘সিরিয়ার শত্রুদের’ সম্মেলন বলে উল্লেখ করেছে।আল-বাথ বলছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে উৎখাতের উপায় খুঁজে বের করতে সম্মেলনের অয়োজন করা হয়েছিল। ‘আরেকটি ব্যর্থতা’—এই শিরোনামে আল-বাথ পত্রিকার গতকালের প্রতিবেদনে বলা হয়, ‘অংশগ্রহণকারীরা শেষ পর্যন্ত সিরিয়ার প্রতিরোধের বিষয়টি স্বীকৃতি দিয়েছে। সংস্কার (সরকারের প্রতিশ্রুত) এবং রাশিয়া ও চীনের দুবার ভেটো দেওয়ার মধ্য দিয়ে সিরিয়াকে সংকট থেকে উত্তরণ এবং যুদ্ধে জয়ী হওয়ার অনুমোদন দিয়েছে।’পত্রিকাটি বলছে, ‘সব ধরনের প্রতারণা সত্ত্বেও সিরিয়ার শত্রুদের সম্মেলন অত্যন্ত দুর্বল ফলাফলের জন্ম দিয়েছে...। সিরিয়ার বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের বিরুদ্ধে তাঁরা জোরালো কোনো যুক্তি তুলে ধরতে বা কোনো অবস্থান নিতে পারেনি।’শান্তি পরিকল্পনা কার্যকরের সময়সীমা মেনে নিয়েছে সিরিয়া: সিরিয়ায় শান্তি পরিকল্পনা বাস্তবায়ন শুরুর বিষয়ে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান ১০ এপ্রিলের যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তাতে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। গতকাল সোমবার কফি আনান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ কথা বলেন। কফি আনান জানান, ওই পরিকল্পনার মধ্যে রয়েছে, সময় শুরুর ৪৮ ঘণ্টার মধ্যেই সহিংসতা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা। ওই সময়সীমার পক্ষে সমর্থন দিতে তিনি ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রতি আবেদন জানান। শহরগুলোতে নিরাপত্তাকর্মীদের অভিযান বন্ধ করা এবং ভারী অস্ত্রশস্ত্র ও সেনা প্রত্যাহারের মাধ্যমে সিরীয় সরকার ওই শান্তি পরিকল্পনার বাস্তবায়ন শুরু করবে। শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়সীমা বেঁধে দেওয়ার কৌশল নিয়ে গত রোববার তুরস্কের ইস্তাম্বুলে ফ্রেন্ডস অব সিরিয়ার সম্মেলন হয়। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশের ৮০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।কফি আনান আরও জানান, সিরিয়ার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণে একটি পর্যবেক্ষক মিশন মোতায়েনের বিষয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বিবেচনা করতে হবে। জাতিসংঘের হিসাবে সিরিয়ায় গত এক বছরের সহিংসতায় নয় হাজারের বেশি লোক নিহত হয়েছে।এদিকে সিরিয়া সরকার ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে। গতকালও নিরাপত্তাবাহিনীর গুলিতে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।সিরিয়াবিষয়ক একটি মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা বলছে, গতকাল সকালে ইদলিব প্রদেশের হাস গ্রামে সামরিক বাহিনীর গুলিতে একজন নিহত ও আটজন আহত হন। সৈন্যরা ওই আট ব্যক্তির বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করেছে। এএফপি।