‘সিরিয়ায় আরব লিগ ভুল করেছে’
কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসেম আল-থানি বলেছেন, সিরিয়া-সংকট সমাধানে আরব লিগ পর্যবেক্ষকদের যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, এতে ভুল হয়েছে।গত বুধবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে সিরিয়া-সংকট নিয়ে আলোচনা করার সময় কাতারের প্রধানমন্ত্রী এ কথা বলেন। তবে তিনি সুনির্দিষ্ট করে বলেননি যে কী ভুল হয়েছে। তিনি এ সংকট সমাধানে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন।প্রধানমন্ত্রী শেখ হামাদ সিরিয়া-সংকট নিরসনসংক্রান্ত টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন। সিরিয়ার সরকারবিরোধী গোষ্ঠীগুলো আরব লিগের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছে। তারা বলছে, পর্যবেক্ষকদের উপস্থিতি নিয়ন্ত্রিত। দেশের নির্দিষ্ট কিছু এলাকার মধ্যেই তাঁরা দায়িত্ব পালন করছেন। তাঁদের উপস্থিতিতেই এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে। বিক্ষোভ দমনে সিরিয়া সরকারের কঠোর ব্যবস্থা নিয়ে বুধবার জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী।৫৫২ বন্দী মুক্ত: গতকাল সিরিয়া সরকার ৫৫২ জন বন্দীকে মুক্তি দিয়েছে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে অভিযোগের বিষয়ে প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। সরকারি বার্তা সংস্থা সানা এ কথা জানিয়েছে। এএফপি।