
মাদার তেরেসার ‘অলৌকিক ক্ষমতা’র দ্বিতীয় ঘটনার স্বীকৃতি দিলেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আর এর মধ্য দিয়ে আগামী বছর নোবেলজয়ী এই ক্যাথলিক মিসনারি নারীর ‘সেন্ট’ মর্যাদার সিদ্ধ লাভের পথ মসৃণ হলো। খবর এএফপি ও রয়টার্সের।
কলকাতার আর্চ বিশপ থমাস ডি সুজা গতকাল শুক্রবার বলেন, মাদার তেরেসার সেবাশুশ্রূষায় মস্তিষ্কের টিউমারে আক্রান্ত মৃতপ্রায় একজন ব্রাজিলিয়ান সেরে উঠেছিলেন। এ ঘটনাকে গত বৃহস্পতিবার তেরেসার ‘অলৌকিক ক্ষমতার’ দ্বিতীয় ঘটনা হিসেবে স্বীকৃতি দেন পোপ ফ্রান্সিস।
ইতালির ক্যাথলিক দৈনিক অ্যাভেনায়ার-এর খবর অনুযায়ী, পোপের ‘ক্ষমার বর্ষের’ অনুষ্ঠানের অংশ হিসেবে আগামী বছর ৪ সেপ্টেম্বর মাদার তেরেসাকে সেন্ট বা সিদ্ধলাভকারী বলে ভ্যাটিকানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে ভ্যাটিকানের এখনো কোনো বক্তব্য জানা যায়নি।
এর আগে ২০০৩ সালে মাদার তেরেসার ‘অলৌকিক ক্ষমতার’ প্রথম ঘটনার স্বীকৃতি দিয়েছিলেন তৎকালীন পোপ দ্বিতীয় জন পল। সে সময় এক অনুষ্ঠানে প্রয়াত মাদার তেরেসাকে আশীর্বাদপুষ্ট করেন তিনি। সেটি ছিল তেরেসার সিদ্ধলাভের প্রথম পদক্ষেপ।
আলবেনীয় মা-বাবার সন্তান মাদার তেরেসা তাঁর সেবামূলক কাজের মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের মন জয় করেন। ১৯৭৯ সালে তিনি শান্তিতে নোবেল লাভ করেন। ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর আগপর্যন্ত কলকাতা শহরের বিভিন্ন বস্তিতে দরিদ্র, রোগাক্রান্ত ও মৃতপ্রায় মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন তিনি।