'স্ত্রীর ওজন বাড়ার অজুহাতে বিচ্ছেদ নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের পর স্ত্রীর ওজন বেড়ে যাওয়ার অজুহাতে বিচ্ছেদ চাওয়া যাবে না বলে মত দিয়েছেন বোম্বে হাইকোর্ট।আজ রোববার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ভারতের পুনের এক স্বামীর করা বিচ্ছেদের আবেদন খারিজ করে এমন মত দিয়েছেন বোম্বে হাইকোর্ট।বিয়ের পর ওই দম্পতি পুনেতে একসঙ্গে অবস্থান করেন। কিন্তু তাঁদের সম্পর্কে টানপোড়েন দেখা দেয়। পরে স্বামী বিচ্ছেদ চেয়ে পুনের পারিবারিক আদালতে আবেদন করেন। কিন্তু আদালত তাঁর আবেদন খারিজ করে দেন। এরপর তিনি বোম্বে হাইকোর্টে যান। সেখানেও তাঁর আবেদন খারিজ হয়।আদালতে স্বামীর দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, বিয়ের পর স্ত্রীর ওজন বেড়ে যাওয়ায় বিচ্ছেদ চেয়ে আবেদন করেন তিনি।স্বামীর অভিযোগ, বিয়ের আগে তাঁর স্ত্রী একটি সার্জারি করেছেন। কিন্তু তিনি তা তাঁর কাছে গোপন করেছেন। ফলে বিয়ের পর তাঁর স্ত্রীর ওজন বাড়তে শুরু করে। এ ব্যাপারে চিকিত্সা নেওয়ার জন্য বলা হলেও স্ত্রী তাতে কর্ণপাত করেননি। উপরন্তু পরিবারে কাজকর্ম করতে অস্বীকৃতি জানান স্ত্রী। ফলে তাঁকেই সব কাজ করতে হয়। এই সময়ে সংসারের কোনো দায়িত্বই পালন করেননি স্ত্রী।আদালত বলেছেন, স্বামী নিজেই স্বীকার করেছেন যে, তাঁদের বিয়েটা পরিপূর্ণ ও আইনসিদ্ধ। স্ত্রীর ওজন বেড়ে যাওয়ায় আবেদনকারীর দুর্ভোগ শুরু হয়েছে। কিন্তু এই অজুহাতে বিচ্ছেদ চাওয়ার কোনো যুক্তি নেই।