'স্নোডেনকে কাজে লাগাচ্ছে রাশিয়া'
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক পরিচালক জেনারেল কিয়েথ আলেক্সান্দার বলেছেন, রাশিয়া তাদের স্বার্থে এডওয়ার্ড স্নোডেনকে কাজে লাগাচ্ছে৷
এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী স্নোডেন লাখ লাখ মার্কিন গোয়েন্দা নথি ফাঁস করে গত বছর হইচই ফেলে দেন৷ পরে গ্রেপ্তারের ভয়ে তিনি প্রথমে দেশ ছেড়ে হংকং চলে যান৷ পরে সেখান থেকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নেন৷
গত মার্চে অবসরে যাওয়া এনএসএর পরিচালক আলেক্সান্দার অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউকে গত বৃহস্পতিবার বলেন, ফাঁস করা নথির মধ্যে যেগুলো যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর, সেগুলো কাজে লাগাচ্ছে রাশিয়া৷ তিনি বলেন, ‘আমি মনে করি স্নোডেন রাশিয়ার গোয়েন্দাদের দ্বারা ব্যবহৃত হচ্ছেন৷ এটা কবে থেকে শুরু হয়েছে, সে সম্পর্কে হয়তো আমি জানি না৷ তবে এটা মনে করি, স্নোডেন যা করছেন তার পেছনে রুশ গোয়েন্দাদের হাত আছে৷’ এএফপি৷