'স্নোডেন ৫০ হাজার থেকে দুই লাখ নথি ফাঁস করেছেন'

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন এ পর্যন্ত ৫০ হাজার থেকে দুই লাখ মার্কিন নথি গণমাধ্যমের কাছে ফাঁস করেছেন বলে দাবি করেছেন সংস্থাটির মহাপরিচালক কিথ আলেকজেন্ডার। আজ শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কেইথ আরও বলেন, ‘এভাবে তথ্য ফাঁস হতে থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাতীয় নিরাপত্তা সংস্থা। একই সঙ্গে জাতি হিসেবে আমরাও ক্ষতিগ্রস্ত হব।’
এনএসএর বরাত দিয়ে রয়টার্স জানায়, মার্কিন তদন্তকারীরা এখন জানেন, স্নোডেন কতটুকু তথ্যে প্রবেশ করতে পেরেছেন। ফাঁস হওয়া বেশির ভাগ তথ্যই ‘গোপনীয়’ শ্রেণীভুক্ত হলেও জাতীয় নিরাপত্তা সংস্থার এমন কিছু তথ্য ফাঁস করা হয়েছে, যা ‘অতি গোপনীয়’ হিসেবে চিহ্নিত ছিল। কিছু প্রতিবেদনে ‘বিশেষ গোয়েন্দা’ স্ট্যাম্প পর্যন্ত লাগানো ছিল।
স্নোডেন গত জুন মাসে তথ্য ফাঁস করার পর থেকে ওবামা প্রশাসন চাপে আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছের মিত্ররা এই ঘটনায় বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। কিছুদিন আগে এক মার্কিন কর্মচারী জানান, প্রেসিডেন্ট ওবামা জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকাণ্ড পুনর্বিবেচনার জন্য সাবেক কর্মচারী ও বিশেষজ্ঞদের নিয়ে প্যানেল গঠন করছেন।
প্যানেলের প্রতিবেদনটি ১৫ ডিসেম্বর মধ্যে প্রকাশ করার কথা। এই প্রতিবেদন ও হোয়াইট হাউসের নিজস্ব পর্যালোচনার ওপর ভিত্তি করে বছর শেষে বেশ কিছু নীতিতে পরিবর্তন আসতে পারে। আশা করা হচ্ছে, পরিবর্তিত নীতিতে এনএসএর আড়িপাতা কার্যক্রমের ওপর কিছু বিধি-নিষেধ আরোপ করা হবে।