'স্নোডেনকে রুশ গোয়েন্দাদের সহায়তা করার প্রমাণ নেই'
সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির চেয়ারওম্যান ডায়ান ফাইনস্টাইন বলেছেন, যুক্তরাষ্ট্রের আড়িপাতার তথ্য চুরিতে অ্যাডওয়ার্ড স্নোডেনকে রুশ গোয়েন্দাদের সহায়তা করার কোনো প্রমাণ তিনি দেখেননি।
ডেমোক্র্যাট-দলীয় জ্যেষ্ঠ সিনেটর ডায়ান ফাইনস্টাইন গত মঙ্গলবার এমএসএনবিসি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কথা বলেন। তাঁর এ মন্তব্য মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির সভাপতি ও রিপাবলিকান নেতা মাইক রজার্সের বিবৃতির বিপরীত। রজার্স ইঙ্গিত দিয়েছিলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) চাকরি ত্যাগ ও হংকংয়ে যাওয়ার আগে অ্যাডওয়ার্ড স্নোডেনের ওপর প্রভাব বিস্তার করেছিল রাশিয়া।
ডায়ান ফাইনস্টাইন বলেন, ‘কথিত ওই প্রভাব বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এ নিয়ে আমি কখনোই কিছু দেখিনি। তখন থেকেই আমি কিছু প্রশ্নের জবাব জানার চেষ্টা করেছি। তবে কোনো কিছুই মেলেনি।’
ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ: যুক্তরাজ্যের আড়িপাতা কর্মসূচিতে জড়িত দেশটির গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউয়ের প্রধান আয়ান লোবান এ বছরের শেষে সরে দাঁড়াবেন বলে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার জানিয়েছে। স্নোডেনের ফাঁস করা নথিতে জিসিএইচকিউ-এর তৎপরতার কথা রয়েছে। রয়টার্স।