‘স্বাধীনতার’ দাবি থাই বিদ্রোহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের অশান্ত দক্ষিণাঞ্চলের ‘স্বাধীনতা’র দাবি জানিয়েছে বিদ্রোহীরা। ন্যাশনাল রেভল্যুশনারি ফ্রন্ট (বিআরএন) নামের বিদ্রোহী সংগঠনটি গতকাল রোববার এই দাবির কথা জানিয়েছে।এদিকে নয় বছরব্যাপী বিদ্রোহের অবসানের লক্ষ্যে সরকারের সঙ্গে আজ সোমবার বিআরএনের সংলাপ শুরু হতে যাচ্ছে। তাদের বিভিন্ন দাবিসংবলিত একটি তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে।বিদ্রোহীদের একটি প্রতিনিধি-দলের সঙ্গে থাইল্যান্ডের সরকার মালয়েশিয়ায় এক মাস আগে প্রথমবারের মতো আনুষ্ঠানিক শান্তি আলোচনায় বসেছিল। কিন্তু তার পরও থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলের ভয়াবহ হামলা অব্যাহত ছিল। এসব হামলার জন্য বিদ্রোহীরা দায়ী বলে সন্দেহ করা হয়।বিআরএনের প্রতিনিধি হাসান তাইব এক ভিডিও বার্তার মাধ্যমে তাঁর সংগঠনের ঘোষিত স্বাধীনতার দাবির প্রতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের সমর্থন চেয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বহু জনগোষ্ঠীর এলাকাটিতে ‘সুষ্ঠু’ শাসন নিশ্চিত করা হবে।বিআরএনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা থাইল্যান্ডের সঙ্গে সংলাপে মুসলিম অধ্যুষিত দেশ মালয়েশিয়ার মধ্যস্থতা চায়। এ ছাড়া তারা প্রতিবেশী অন্যান্য দেশ ও বেসরকারি সংগঠনের পর্যবেক্ষকদেরও উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। এএফপি।