'হত্যা প্ররোচনার' অভিযোগে মুরসির বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে ‘হত্যায় প্ররোচনার’ অভিযোগ এনে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি করা হবে। গত রোববার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়।
তবে মুরসির বিরুদ্ধে ফৌজদারি আদালতে কবে এই অভিযোগের শুনানি শুরু হবে—এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
টেলিভিশনের খবরে বলা হয়, গত বছরের ডিসেম্বরে কায়রোতে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে মুরসিপন্থী ও বিরোধীদের সংঘর্ষ চলাকালে সাতজন নিহত হওয়ার ঘটনায় মুরসির বিরুদ্ধে ‘সংঘাত ও হত্যায় প্ররোচনার’ অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে তাঁর সংগঠন মুসলিম ব্রাদারহুডের ১৪ জন নেতাকেও বিচারের মুখোমুখি করা হবে। খবরে বলা হয়, ওই সময় বিক্ষোভকারীদের হটাতে রিপাবলিকান গার্ড ও পুলিশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন মুরসি। তবে তাঁরা মুরসির এ নির্দেশ পালন করেননি।
মিসরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে গত ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে তাঁকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ২০১১ সালে কারাগার থেকে পলায়ন ও পুলিশের ওপর হামলার অভিযোগও রয়েছে।
মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ব্রাদারহুডের নেতা-কর্মীদের ধরপাকড় চলছে। সংগঠনটির সবচেয়ে প্রভাবশালী নেতা মোহাম্মদ বাদায়ি এবং মোহাম্মদ আল-বেলতাগিসহ দুই হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কায়রোর দুটি স্থানে রক্তক্ষয়ী অভিযান চালিয়ে বিক্ষোভরত মুরসি-সমর্থকদের সরিয়ে দেওয়া হয়। এ সময় কয়েক শ সমর্থক নিহত হন।
রোববারই সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মনসুর সংবিধান পর্যালোচনার জন্য ৫০ সদস্যের একটি প্যানেল ঘোষণা করেছেন। এতে মুসলিম ব্রাদারহুডের কোনো নেতার নাম নেই। এএফপি ও বিবিসি।